জি কে শামীম প্রতি মাসে তারেক রহমানকে এক কোটি করে টাকা দিতেন : তথ্যমন্ত্রী

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০০:৫২

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ক্যাসিনো সংস্কৃৃতির শুরু বিএনপি সরকারের আমলে। তখন দলটির শীর্ষ পর্যায়ের নেতা সাদেক হোসেন খোকা, মির্জা আব্বাস ও মোসাদ্দেক হোসেন ফালুরাই ক্যাসিনো সংস্কৃতি চালু করেছিলেন। কিন্তু ক্ষমতার শীর্ষে থাকায় তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কয়েকটি অনলাইন পোর্টালে নিউজ এসছে, জি কে শামীম প্রতিমাসে তারেক রহমানকে এক কোটি করে টাকা দিতেন। বিএনপির অনেক নেতাকেও তিনি পয়সা দিতেন। অর্থাত্ ক্যাসিনো কালচার যারা শুরু করেছিলেন, তারাও নিয়মিত মাসোহারা পেতেন। তারেক রহমান ও বিএনপি নেতাদের এই ক্যাসিনো চাঁদাবাজির বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় তথ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি সাংবাদিকদের বলেন, চলমান অভিযান আওয়ামী লীগের বিরুদ্ধে নয়। আওয়ামী লীগ স্বচ্ছ-পরিচ্ছন্ন একটি দল। আমরা সবসময় পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাস করি। আজকেও পত্রপত্রিকায় দেখলাম, সাত জন নামকরা, যাদের নাম বেরিয়ে এসেছে তাদের ছয় জনই অনুপ্রবেশকারী। এরা আওয়ামী লীগের নয়। এরা মীর্জা আব্বাসের সৃষ্টি, অথবা কোকোর সৃষ্টি- তাদের সৃষ্টি। এ দানবগুলোকে তো এখন ধরা গেছে। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ২০১৪ সাল থেকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকার বিষয়টি অবহিত করা হলে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, আমি বিষয়টি প্রথম শুনলাম।

তথ্যমন্ত্রী বলেন, রাজশাহীসহ দেশের ছয়টি বিভাগীয় শহরে শিগিগরই বাংলাদেশ টেলিভিশনের পূর্ণাঙ্গ স্টেশন স্থাপন করা হবে। পরে তথ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটি আয়োজিত ‘তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক এক আলোচনায় অংশ নেন। এরআগে এইচ টি ইমাম রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী বিভাগ ও জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।