টাঙ্গাইলে জেএমবির এক সদস্যের যাবজ্জীবন

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ০৫:১২

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ জেএমবির সক্রিয় এক সদস্যের যাবজ্জীবন ও অন্য তিন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ শওকত আলী চৌধুরী এ রায় প্রদান করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জেএমবি সদস্য হলেন বগুড়া জেলার শেরপুর উপজেলার বাগড়া কলোনির জয়নাল আবেদীনের ছেলে আবু সাইদ। তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাড়ে চার বছর করে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী গ্রামের ছমেদ আলীর ছেলে জুয়েল মিয়া, গোপালপুর উপজেলার শাখারিয়া গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে মোসলেম উদ্দিন। এদের প্রত্যেককে ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। কালিহাতী উপজেলার বল্লভবাড়ী গ্রামের মৃত জাফর আলী খানের ছেলে আতাউর রহমান খানকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়। এছাড়া ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন: তিনি ২ ঘণ্টাতেই পারতেন, পারতেন ৫ মিনিটেই

টাঙ্গাইলের পিপি এস আকবর খান জানান, ২০১৬ সালের ২৪ আগস্ট যমুনা তীরবর্তী কালিহাতী উপজেলার বল্লভবাড়ী গ্রামের আতাউর রহমান খানের বাসা থেকে ডিবি পুলিশ জেএমবির সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করে। এ সময় ঐ বাসা থেকে বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। একই দিন কালিহাতী থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে ডিবি পুলিশ।

ইত্তেফাক/অনি