গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা
চালুর ৩০ মিনিট পরেই যান্ত্রিক ত্রুটিতে বন্ধ হয়ে গেছে গোবিন্দগঞ্জের রংপুর সুগার মিলের আখ মাড়াই কার্যক্রম। মিলটি গত শুক্রবার বিকালে ২০১৮-১৯ আখ মাড়াই মৌসুমের কার্যক্রম শুরু করেছিল।
আখচাষিরা জানান, গত তিন দিন যাবত্ চিনিকল বন্ধ থাকায় চিনিকলে সরবরাহের জন্য আনা তাদের উত্পাদিত আখ শুকিয়ে আর্থিক লোকসানের সন্মুখীন হচ্ছেন। এখন শত শত মণ আখ মাঠে পরে আছে চিনিকলে সরবরাহের অপেক্ষায়। চাষিরা অবিলম্বে চিনিকলের অদক্ষ কর্মকর্তাদের সরিয়ে দক্ষ কর্মকর্তা দিয়ে চিনিকলটি পুনরায় চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন জানান, মিলের যান্ত্রিক ক্রটি সারানোর ব্যবস্থা করছি। তাই এই মুহূর্তে বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।
