তানোর (রাজশাহী) সংবাদদাতা
‘এসো মিলি লোকজ বাংলার নবান্ন উত্সবে’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে তানোরের দুবইল গ্রামে রবিবার দিনব্যাপী নবান্ন উত্সব অনুষ্ঠিত হয়েছে। দুবইল গ্রামে কৃষক সংগঠনের ‘বরেন্দ্র বীজ ব্যাংক’ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বারসিক’-এর আয়োজনে বীজ ব্যাংক কার্যালয় চত্বরে এ নবান্ন উত্সব অনুষ্ঠিত হয়। বাউল গান, কবিতা আবৃত্তি, হরেক রকম পিঠাপুলি ও পায়েস এবং ৮২ জাতের চালের ভাত দিয়ে এই নবান্ন উত্সবে স্থানীয় বীজ ব্যাংকের কৃষকসহ বিভিন্ন অঞ্চলের কৃষকরা অংশগ্রহণ করেন। এছাড়া অনুষ্ঠানে তিনজন সফল কৃষককে বিশেষ অবদানের জন্য সম্মাননা দেয়া হয়। এরা হলেন: রবিশস্য চাষ সম্প্রসারণে সফলতা অর্জন করায় দুবইল গ্রামের কৃষক গোলাম মোস্তাফা, ভার্মি কম্পোষ্ট উত্পাদন ও বিপণনে বহড়া গ্রামের কৃষক আব্দুল হামিদ ও দেশি জাতের লুপ্ত ধান চাষে সফলতা অর্জন করায় গোদাগাড়ীর সৈয়দপুর গ্রামের কৃষক মুকিদ দুলাল।
