চিতলমারীতে ৯ কিলো মিটার সড়ক বেহাল!

আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ২১:৫৬

চিতলমারীতে গুরুত্বপূর্ণ একটি সড়কের  বেহাল দশায় চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা। দীর্ঘ প্রায় ৬-৭ বছর এ সড়কটিতে কোনো প্রকার মেরামত কাজ না করায় এখন চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। এ অবস্থায় প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রায় ২০ গ্রামের বাসিন্দাদের। 

স্থানীয় লোকজনের সাথে কথা বলে  জানা গেছে, চিতলমারী-পাটরপাড়া-বাখেরগঞ্জ সড়কটি গত  কয়েক বছর মেরামতের অভাবে খানা-খন্দের সৃষ্টি হয়েছে। ফলে এ সড়কে চলাচল করতে লোকজনকে পোহাতে  হয়  নানা  দুর্ভোগ। সড়কে বেহাল  দশার  কারণে  প্রতিনিয়ত  ঘটছে  নানা  দুর্ঘটনা। এলাকাবাসীর অভিযোগ, গত  কয়েক বছর ধরে  সড়কের দুরবস্থার কারণে মালামাল আনা-নেওয়াসহ যানবাহন  চলাচলেও সমস্যার  অন্ত নেই।

ভ্যানচালক নবের আলী শেখ, ইজিবাইক চালক নান্নু মিয়া শেখ, চাঁনমিয়া শেখসহ অনেকে আক্ষেপ করে  জানান, সড়কের বেহাল  দশার  কারণে তাদের  গাড়িতে  যাত্রীরা এখন আর উঠতে চান না। ফলে অলস  বসে  সময়  পার করতে হচ্ছে  তাদের।

তারা আরও জানান, উপজেলা সদর বাজার থেকে পল্লী বিদু্যুত্ অফিসের সামনে দিয়ে চিতলমারী-পাটরপাড়া-বাখেরগঞ্জ বাজার সড়কটি প্রায় ১৮ বছর আগে নির্মাণ হয়। নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণের কারণে এটিতে অল্পদিনের মধ্যেই কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়। দীর্ঘ ৬-৭ বছর রাস্তাটিতে কোনো মেরামত বা সংস্কারের কাজ না হওয়ায় এটি একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।

স্থানীয় বাদাম বিক্রেতা জামাল ফরাজী, কৃষক রেজাউল খান, সুধাংশু মণ্ডল, ভ্যানচালক আরশাফ মোড়ল, শহর আলী, মেকার রোকা বিশ্বাস, ফল বিক্রেতা ফারুক মিয়া, মাছ বিক্রেতা কাঙ্গাল রাজবংশীসহ শতাধিক ব্যক্তি প্রায় অভিন্ন সুরে জানান, গুরুত্বপূর্ণ এই রাস্তাটি এ অঞ্চলের মানুষের জীবন ও জীবিকার সাথে জড়িত। তাই অতিশীঘ্র এটি সংস্কারের দাবি জানান তারা।

চিতলমারী উপজেলা প্রকৌশলী মো. জাকারিয়া হোসেন জানান, গুরুত্বপূর্ণ এ সড়কটি প্রায় ৯ কি.মি. লম্বা। এটির একটি ইস্টিমেট ইতোমধ্যে পাঠানো হয়েছে। ইস্টিমেট পাস হলে টেন্ডার আহ্বান করা হবে।