‘সাপলুডু’র নায়িকা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৮:৩৬

গোলাম সোহরাব দোদুল পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘সাপলুডু’ মুক্তি পেতে যাচ্ছে আগামীকাল শুক্রবার। অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করেছেন লাক্সতারকা বিদ্যা সিনহা মিম। তার বিপরীতে আছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। এই ছবির গল্প ও অন্যান্য বিষয় নিয়ে লিখেছেন অজেয় চৌধুরী

চলতি বছরের শুরুর দিকে ইউটিউবে মুক্তি পেয়েছিল এই চলচ্চিত্রের টিজার। এটি প্রকাশের পর পরই স্যোশাল মিডিয়ায় হইচই পড়ে যায়। প্রশংসাও অর্জন করে দর্শকের কাছে। তখন থেকে চলচ্চিত্রপ্রেমীরা অপেক্ষা করছিল ছবিটির মুক্তির জন্য। গত বৃহস্পতিবার মুক্তি পায় ‘সাপলুডু’র ট্রেলার। ওই ট্রেলারের একটু ঝলক দেখেই চরিত্রাভিনেতাদের লুক, সংলাপ ও অভিনয়ের প্রশংসা করছেন দর্শক। সেই সঙ্গে আলাদাভাবে প্রশংসিত হয়েছেন শুভ ও মিম। এই চলচ্চিত্রে মিম পুষ্প চরিত্রে অভিনয় করেছেন। এ প্রসঙ্গে মিম বলেন, ‘দোদুল ভাইয়ের নির্দেশনায় ‘সাপলুডু’ সিনেমায় নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করার চেষ্টা করেছি। চেষ্টা করেছি পুষ্পকে যথাযথভাবে পর্দায় তুলে ধরতে। আমি এই সিনেমাতে শুটিংয়ের সময়টুকুতে চেষ্টা করেছি পুষ্পতে মগ্ন থাকতে। ইউনিটের সবাই আমার কাজ নিয়ে সন্তুষ্ট ছিলেন, এটাও আমার এক ধরনের প্রাপ্তি। তবে ‘সাপলুডু’ নিয়ে অন্য অনেকের মতো আমিও দারুণ আশাবাদী। কারণ এর গল্প ও নির্মাণশৈলী নিঃসন্দেহে অসাধারণ।’ তিনি আরো বলেন, ‘প্রতিটি সিনেমাতেই শিল্পী, পরিচালকসহ পুরো ইউনিটই আসলে অনেক কষ্ট করে কাজ করেন। নিজের মেধার সর্বোচ্চটুকু দিয়েই কাজ করার চেষ্টা করেন। ‘সাপলুডু’র ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। গোলাম সোহরাব দোদুল ভাই মেধাবী একজন নির্মাতা। দর্শক তার সিনেমা যদি পছন্দ করেন, তাহলে সিনেমা নির্মাণে তিনি নিশ্চয়ই আরো আগ্রহী হবেন।’ এই চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, সালাহ উদ্দিন লাভলু, জাহিদ হাসান, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার। ‘সাপলুডু’ চলচ্চিত্রে রয়েছে মোট ৪টি গান। ‘ময়না ধুম ধুম’, ‘শুভ জন্মদিন’, ‘কিছু স্বপ্ন’, ‘ইয়া খোদা’ শিরোনামের গানগুলো গেয়েছেন তানভীর আলম ও কনা, বাপ্পা মজুমদার ও আঁখি আলমগীর, হূদয় খান ও পড়শি এবং ইমরান। গত বছরের ২৭ অক্টোবর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত এই ছবির শুটিং হয়েছে ঢাকা, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজারের বেশ কিছু লোকেশনে। দেশের পাশাপাশি একইদিনে দেশের বাইরে আমেরিকা এবং নর্থ আমেরিকায় একযোগে মুক্তি পাবে ‘সাপলুডু’। এছাড়া আরো কয়েকটি দেশে ছবিটি মুক্তির ব্যাপারে কথা চলছে। পরিচালক গোলাম সোহরাব দোদুল বলেন, ‘অ্যাকশন-থ্রিলার ধাঁচের ছবি হবে এটি। অভিনয়শিল্পীর তালিকায়ও রয়েছে চমক। তারকাবহুল ছবি এটি। ছবির গল্প ভালো এবং এর নির্মাণশৈলীও বেশ গোছানো। বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে আমরা এমন মুহূর্তে দাঁড়িয়ে আছি, যখন দর্শকের সাপোর্ট খুব বেশি প্রয়োজন। আমাদের দেশের সব মানুষের উচিত, বর্তমান জরাজীর্ণ চলচ্চিত্রশিল্পকে আবার আগের মতো জায়গায় নিয়ে যেতে সহায়তা করা। আমরাও আমাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। নতুন নতুন গল্প নিয়ে, নতুন নতুন আইডিয়া নিয়ে কাজ করার চেষ্টা করছি। আশা করি, সময়ের পরিবর্তন হবেই।’ তিনি আরো বলেন, ‘দর্শকের কাছে একটাই প্রত্যাশা, তারা ঘরে বসে না থেকে সিনেমা হলে এসে ছবিটা দেখুক। টিকিট কেটে সিনেমা দেখলে প্রযোজক কিছু টাকা পাবে, এটা এজন্য বলছি না। দর্শককে হলে আসতে বলছি, কারণ এ মুহূর্তে বেশ ভালো ভালো ছবি হচ্ছে।’ ছবিটি মুক্তির প্রথম দিনে নায়ক-নায়িকা জুটি প্রথম শোতে রাজধানীর বলাকা সিনেমায় দর্শকের সঙ্গে বসে চলচ্চিত্রটি উপভোগ করবেন।