বিনোদন রিপোর্ট
সিনেমা নিয়ে ফারিয়ার ব্যস্ততা খুব বেশি নয়। ‘পটাকা’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়ে গায়িকার খাতায়ও নাম লিখিয়েছেন তিনি। কিন্তু মিউজিক ভিডিও আকারে গানটি প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন এ নায়িকা। ইউটিউবে ডিজলাইকের বন্যা বয়ে যায়। পাশাপাশি হাস্যরসাত্মক নানা মন্তব্যে নুসরাত ফারিয়ার গায়িকা হওয়ার এই প্রচেষ্টাকে আক্রমণ করেন অনেকে। অনেক ঢাকঢোল পিটিয়েই গানটি প্রকাশ করা হয়।
কিন্তু নুসরাত ফারিয়া ওসব ঘটনা মাথায় নেননি একদমই। তিনি আবারো নতুন গান নিয়ে আসছেন। তবে কী পটাকার সিক্যুয়েল? জবাবে ফারিয়া বলেন, ‘এটা একেবারেই আলাদা ঘরানার গান। পটাকার সঙ্গে কোনো মিল নেই। তবে কোন ধরনের গান সেটা এখনো বলতে চাই না। তবে এটুকুই বলবো, বিগ সারপ্রাইজ আসছে বছরের শেষে।’
জানা গেছে, ফারিয়ার এই গানটি তরুণদের উদ্দেশ্য করেই গাইবেন তিনি। থিমও হবে তারুণ্য প্রধান। আর মিউজিক ভিডিওতে থাকবে নতুনত্ব। গান রিলিজের আগেই সবকিছু খোলামেলাভাবে বলবেন তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই ফারিয়া তার গাওয়া নতুন গানটি অবমুক্ত করবেন।
এর আগে তার গাওয়া ‘পটাকা’ গানটি লিখেছিলেন রাকি রাহুল এবং সুর ও সংগীত করেছিলেন প্রিতম হাসান। মিউজিক ভিডিওর শুটিং হয় মুম্বাইতে। তা পরিচালনা করেন ওপার বাংলার নৃত্য পরিচালক বাবা যাদব। ফারিয়া নিজেই মডেল হন। মিউজিক ভিডিওটি প্রকাশের পরপরই নুসরাত ফারিয়ার গায়কী, উচ্চারণসহ আরো নানা বিষয় নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। ফারিয়া যদিও ডিজলাইক কাণ্ডকে উদ্দেশ্যমূলক বলেছেন।
গত ১৯ সেপ্টেম্বর থেকে ‘ভয়’ শিরোনামের একটি চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি। রাজা চন্দের পরিচালনায় কলকাতার এই ছবিতে নুসরাত ফারিয়ার নায়ক অঙ্কুশ হাজরা। এরইমধ্যে ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে। পুরোপুরি থ্রিলারধর্মী ছবি এটি। ফারিয়া আগামী সপ্তাহে দেশে ফিরবেন বলে জানা গেছে।
