সদর দক্ষিণ (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাকে বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত উপজেলা হিসাবে ঘোষণা দিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিয়া মোহাম্মদ কেয়ামউদ্দিন। তিনি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানে এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুমা পারভীন লুনা। আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহ জালাল প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়। এরা হলেন: অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী চৌয়ারার ছালেহা হক চৌধুরানী, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী বারপাড়ার হাছিনা আক্তার, সফল জননী বিজয়পুরের মনোয়ারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু ক্যাটাগরিতে বারপাড়ার ফাতেমা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান ক্যাটাগরিতে জোড়কানন পশ্চিম ইউনিয়নের খন্দকার ফরিদা ইয়াসমিন।
