অ্যান্ড্রয়েডের ছোঁয়ায় বদলে যাওয়া কয়েকটি প্রযুক্তি

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২০:২৭

মাহবুব শরীফ

 

বর্তমানের বিশ্বব্যাপী স্মার্টফোন ও ট্যাবলেট পিসির অপারেটিং সিস্টেমের অর্ধেকেরও বেশি রয়েছে তাদেরই দখলে। তবে স্মার্টফোন আর ট্যাবলেট পিসিতেই থেমে নেই অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েডে চালিত এমন বিচিত্র কয়েকটি ডিভাইসের কথা তুলে ধরা হলো এই লেখায়—

অ্যান্ড্রয়েড ক্যামেরা

ছবি তোলাকে সহজ এবং সকলের কাছে জনপ্রিয় করে তুলেছে ডিজিটাল ক্যামেরা। স্মার্টফোনের ক্যামেরাগুলোও ছবি তোলাকে এবং সকলের সাথে শেয়ার করাকে জনপ্রিয় করে তুলেছে। তবে এখন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ক্যামেরাই তৈরি হচ্ছে বিশ্বজুড়ে। নাইকন প্রথম অ্যান্ড্রয়েড ২.৩ চালিত কুলপিক্স এস৮০০সি ক্যামেরা নিয়ে আসে। তবে নাইকনকে টেক্কা দিতে স্যামসাং সম্প্রতি নিয়ে এসেছে অ্যানড্রয়েডের সর্বশেষ ৪.১ বা জেলি বিন সংস্করণের গ্যালাক্সি ক্যামেরা। অ্যান্ড্রয়েড এই ক্যামেরাগুলোতে রয়েছে ওয়াই-ফাই আর নানান অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা।

হাতঘড়িতেও অ্যান্ড্রয়েড

হাতঘড়ি একটাসময় পর্যন্ত ফ্যাশন অনুষঙ্গ হলেও ডিজিটাল যুগে এসে হাতঘড়ির ধারণাই পাল্টে গেছে। হাতঘড়ি এখন কেবল সময় দেখার একটি যন্ত্র বা ফ্যাশন অনুষঙ্গই নয়, নানান ধরনের কাজের উপযোগী হয়ে উঠছে হাতঘড়ি। আর এর পেছনেও রয়েছে অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড কোনো স্মার্টফোনের সাথে জুড়ে দিয়ে হাতঘড়িকে ব্যবহার করা যায় ফোনের রিমোট হিসেবেই। অর্থাত্ ঘড়ি থেকেই ফোনকল রিসিভ করা, টেক্সট ম্যাসেজ পড়া, প্লেলিস্ট ব্যবস্থাপনা, ভলিউডম নিয়ন্ত্রণ করা, ক্যালেন্ডার চেক করা কিংবা সোস্যাল নেটওয়ার্কের নোটিফিকেশনগুলো চেক করার মতো কাজগুলোও করা যায় এসব অ্যান্ড্রয়েড ঘড়ির মাধ্যমে। এর মধ্যেই সনি এরকিসন দুইটি মডেলের অ্যান্ড্রয়েড হাতঘড়ি নিয়ে এসেছে।

অ্যান্ড্রয়েডচালিত কফি মেশিন

আর যাই হোক, মোবাইল অপারেটিং সিস্টেমকে কফি মেশিন চালানোর কাজে ব্যবহার করার ভাবনাটা বৈপ্লবিক বটে। তবে এর মধ্যেই অ্যান্ড্রয়েডকে নিয়ে কফি মেশিন বানানোর চিন্তা শুরু করে দিয়েছে কয়েকটি প্রতিষ্ঠান। কফি ব্রিউয়ারি বা অ্যাপ্রেসোর মতো অ্যান্ড্রয়েড কফি মেশিন এখনো বাস্তবে পরিণত না হলেও এই মেশিন তৈরির প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। এই কফি মেশিনগুলো নানান ধরনের কফির স্বাদ এবং গন্ধের কথা জানাবে ক্রেতাকে। কেবল তাই নয়, সেই কফির স্বাদ এবং গন্ধের সাথে মিলিয়ে গানও বাছাই করে দিবে মেশিনটি। এটি স্মার্টফোনের ডকিং স্টেশন হিসেবে ব্যবহূত হবে। আর ডকিং করার পর স্মার্টফোনের চার্জের সাথে সাথে স্মার্টফোন থেকে গানও চালাতে পারবে এটি।

অ্যান্ড্রয়েড যখন মাইক্রোওয়েভ ওভেনে

অ্যানড্রয়েডের বৈচিত্র্যময় নানান ব্যবহারের মধ্যে ভারতের কেরালার সেক্টরকিউব টেকনোল্যাব তৈরি করেছে অ্যান্ড্রয়েড চালিত একটি মাইক্রোওয়েভ ওভেন। স্মার্ট এই ওভেনের মাধ্যমেই ইন্টারনেট থেকে বিভিন্ন রেসিপি ডাউনলোড করা যায় এবং নিজের রেসিপিও আপলোড করা যায়। এ ছাড়া এতে রয়েছে ভয়েস সার্ভিস, যা এতে চলমান রান্নার বিভিন্ন উপকরণ এবং রান্না প্রক্রিয়া ব্যবহারকারীকে ধাপে ধাপে জানিয়ে দেবে।

অ্যান্ড্রয়েডের মিডিয়া প্লেয়ার

আজকাল স্মার্টফোনই পরিণত হয়েছে বহনযাগ্য মিডিয়া প্লেয়ারে। তারপরেও আলাদা বহনযোগ্য মিডিয়া প্লেয়ারের চাহিদার কমতি নেই। আর তাই এসব মিডিয়া প্লেয়ারেও লেগেছে অ্যানড্রয়েডের ছোঁয়া। এর মধ্যে ফিলিপস নিয়ে এসেছে গোগিয়ার কানেক্ট নামের অ্যান্ড্রয়েড জিনজারবার্ড অপারেটিং সিস্টেম চালিত মিডিয়া প্লেয়ার। ৩.২ ইঞ্চি ডিসপ্লে’র এই মিডিয়া প্লেয়ারে রয়েছে মাইক্রোএসডি সমর্থন, ওয়াই-ফাইয়ের মতো সব ফিচার। ফিলিপস ছাড়াও কাওন-ও তৈরি করেছে অ্যান্ড্রয়েড মিডিয়া প্লেয়ার। ইন্টারনেট ব্যবহারের সুবিধা থাকায় অ্যান্ড্রয়েডচালিত এসব মিডিয়া প্লেয়ার নিজেরাই পূর্ণাঙ্গ ডিভাইসে পরিণত হয়েছে।

রেফ্রিজারেটরে অ্যান্ড্রয়েড

সাধারণভাবে রেফ্রিজারেটরের কাজ কেবল খাবার সংরক্ষণ করা হলেও রেফ্রিজারেটরেও স্মার্ট টেকনোলজি যুক্ত করার উদ্যোগ নিয়েছে স্যামসাং। ইতোমধ্যে তারা তৈরি করেছে চার দরজার একটি রেফ্রিজারেটর। যাতে রয়েছে ৮ ইঞ্চি এলসিডি ডিসপ্লে এবং ওয়াই-ফাই সংযোগ। ওয়েদার ফোরকাস্ট, নিউজ, ক্যঅলেন্ডার, নোট, টুইটার, প্যানডোরা, পিকাসা ফটোসের মতো সব অ্যাপ্লিকেশন রয়েছে এর জন্য। এসব অ্যাপ্লিকেশনের সাথে সাথে স্মার্ট রেফ্রিজারেটরটি ভেতরের খাবররগুলোর গুণগত মান জানাতে পারবে ব্যবহারকারীকে।