নেতৃত্বে আপত্তি নেই রিয়াদের

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৮

স্পোর্টস রিপোর্টার

‘অধিনায়কত্বে অনীহা সাকিব আল হাসানের’ কিংবা ‘অধিনায়কত্বের কারণে পারফরম্যান্সে প্রভাব পড়ে’—এমন কিছু খবর গত কয়েকদিন সরব ক্রিকেট অঙ্গন। সাকিবের উত্তরসূরি কে হবেন—সেই নিয়েও চলছে বিস্তর আলোচনা। এই সময়ে এসে সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ জানালেন অধিনায়কত্বে আপত্তি নেই তার।

ত্রিদেশীয় সিরিজ শেষে সংবাদ সম্মেলনে তিনি অধিনায়কত্ব প্রসঙ্গে বলেন, ‘চ্যালেঞ্জ ঠিক নয়। আসলে, অধিনায়কত্ব একটা বড়ো দায়িত্ব এবং সম্মানের। কারো মন্তব্য নিয়ে কিছু বলার নেই। তবে ভবিষ্যতে যদি এ ধরনের দায়িত্ব বা চ্যালেঞ্জ আসে আমার সামনে, তবে কেন নয়?’

তবে, একইসঙ্গে ব্যক্তিগত পারফরম্যান্সের দিকেও আরো মনোযোগী হতে চান রিয়াদ। একইসঙ্গে মনে করেন, দলেও আরো কিছু উন্নতির জায়গা আছে। বললেন, ‘আমার মনে হয় আরো ধারাবাহিক হতে হবে আমাকে। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি কারণ কিছু কিছু বিভাগে আমাদের উন্নতির জায়গা আছে। বেশ কিছু জায়গা আছে যেখানে আমরা আরো ভালো করতে পারতাম। ইনশাল্লাহ, আমরা আগামী সিরিজে এই জিনিসগুলো নিয়ে কাজ করব।’

তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেছে রিয়াদ। বিশেষ করে আফিফ হোসেন ধ্রুব ও আমিনুল ইসলাম বিপ্লবের কথা আলাদা করে বললেন তিনি, ‘আমি ব্যক্তিগতভাবে বিপ্লব, আফিফের প্রতি খুবই সন্তুষ্ট। আফিফ জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ ব্যাটিং করেছে। আমি তাকে ভালোভাবে চিনি। ওর মধ্যে যে সম্ভাবনা আছে সেটি ধরে রাখবে ইনশাল্লাহ এবং বিপ্লব একজন তরুণ ছেলে হিসেবে প্রথম ম্যাচে খুব ভালো বোলিং করেছে। মানে ওদের জন্য খুব ভালো হয়েছে। আর সাকিবও অসাধারণ খেলেছে। সবমিলিয়ে আমার মনে হয় ভালোই হয়েছে।’

ত্রিদেশীয় সিরিজে ট্রফি ভাগাভাগি করলেও, ঠিক এর আগেই বাজেভাবে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ হেরেছে রিয়াদরা। তবে, রিয়াদ আফগানদের কাছ থেকে কোনো শিক্ষা নিতে নারাজ। বরং, নিজেদের খেলাতেই মনোযোগ রাখতে চান তিনি।

বললেন, ‘আমার মনে হয় না আফগানিস্তানের কাছ থেকে কিছু শেখার আছে। আমাদের ভুলের পরিমাণ বেশি ছিল। সেই কারণে রেজাল্টটা ভালো হয়নি। তবে ওদের ক্রেডিট দিতে হবে, ওরা ভালো ক্রিকেট খেলেছে। একইসঙ্গে আমরা খুব বাজে ক্রিকেট খেলেছি।’

টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেদের অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার মনে হয় ক্রিকেট খেলাটা এমন যেখানে উন্নতির শেষ নেই। গত আট বছরে যে অবস্থানে ছিলাম এখন মনে হয় অনেক ভালো অবস্থানে আছি। আর টি-টোয়েন্টি ক্রিকেটের টেম্পো ধরা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মাঝে আমরা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, আমরা স্কিল হিটিংয়ে যাব, না পাওয়ার হিটিংয়ে যাব। এখন ঐ জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি। আমরা আমাদের সম্পর্কে অবগত, যে কোনো ধরনের ক্রিকেট আমাদের সঙ্গে যায়।’

বিশ্বকাপে বাংলাদেশ তিনটি জয় পেলেও সেমিফাইনালের স্বপ্ন পূরণ হয়নি। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হয়েছে হোয়াইটওয়াশ। রিয়াদ মনে করেন, এইসব কিছুর শেষে ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্স বাংলাদেশের ক্রিকেটারদের আত্মবিশ্বাসী করবে।

বললেন, ‘আমি মনে হয় কোনো এক সংবাদ সম্মেলনে বলেছিলাম বিশ্বকাপে আমাদের আশানুরূপ ফলাফল আসেনি। এরপর আবার শ্রীলঙ্কায় গিয়ে তিনটা ম্যাচ হারলাম। অবশ্যই আপনি যখন ফলাফল খারাপ করবেন এটার নেতিবাচক দিক আপনার ভেতর অনুভব হয়। পির দলই এমন অনুভব করে। কারণ কেউই চায় না মাঠে গিয়ে হারতে। সারাদিন যখন আপনি এটার জন্য কষ্ট করবেন, কিন্তু ফলাফল পাবেন না স্বাভাবিকভাবেই আপনার মন খারাপ লাগবে। ব্যক্তিগতভাবে তো বটেই দলগতভাবেও। সেইদিক থেকে এই সিরিজটি ভালো কেটেছে। আমাদের আত্মবিশ্বাস ফিরে এসেছে, আশা করছি এটা পরবর্তী সিরিজে ধরে রাখতে পারব ইনশাআল্লাহ্?।’