স্পোর্টস রিপোর্টার
পেশাদার ফুটবল লিগের ক্লাবগুলোকে নিয়ে গড়া জুনিয়র (অনূর্ধ্ব—১৮) ফুটবল দলের লড়াই এখন শেষ পথে। এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে আজ প্রথম সেমিফাইনাল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় বসুন্ধরা কিংস এবং নোফেল মুখোমুখি হবে। বসুন্ধরা কিংসের পেশাদার কোচিং স্টাফ অভিজ্ঞ এবং বিরাট পারিশ্রমিকে রাখা হয়েছে। আর নোফেলের কোচ ঢাকার ফুটবলের পরিচিত খেলোয়াড় স্ট্রাইকার আকবর হোসেন রিদন।
আগামীকাল দ্বিতীয় সেমিফাইনালে খেলবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী এবং সাইফ স্পোর্টিং ক্লাব। আবাহনী কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনীর কাছে হেরে বিদায় নিয়েছিল। আবাহনী প্রতিবাদ করেছে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে। তৃতীয় বিভাগের দল গভঃ বিজি প্রেস এসএন্ডআরসিতে খেলা রমিজ উদ্দীনকে ওবাইদুর রহমান সাইদু নামে খেলিয়েছিল চট্টগ্রাম আবাহনী। অভিযুক্ত খেলোয়াড়কে দুটি শাস্তি দেওয়া হয়। ২৫ হাজার টাকা জরিমানা এবং ৬ মাসের জন্য সাসপেন্ড। চট্টগ্রাম আবাহনীর পরিবর্তে আবাহনীকে সেমিফাইনালে তুলে দেওয়া হয় এবং অপরাধে জড়িত চট্টগ্রাম আবাহনী শাস্তি পায়নি।
