কার্বন নিঃসারণ ঠেকাতে ইউরোপের ১২টি দেশে ৬ লাখ গাছ লাগাবে উয়েফা। আগামী বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ভ্রমণজনিত কারণে বায়ুমণ্ডলে যে কার্বন নিঃসারণ হবে সেটা কাটিয়ে উঠতেই এই উদ্যোগ। তবে ফুটবলের ইউরোপীয় নিয়ামক সংস্থাটি মানছে যে এটা যথেষ্ট নয়। ইউরোপজুড়ে টুর্নামেন্টটি হবে বলে এটা পরিবেশকে দূষিত করবে বলে স্বীকার করেছেন উয়েফা সভাপতি আলেকজান্ডার কেফেরিন। উয়েফা ৬০তম বার্ষিকী উদ্যাপন করবে বলেই আসরটি বরাবরের মতো এক-দুইটির পরিবর্তে ১২ দেশে আয়োজন করছে। প্রতিটি দেশে গাছ লাগানো হবে ৫০ হাজার করে। কেফেরিন জানাচ্ছেন, টুর্নামেন্টের কারণে ৪ লাখ ৫ হাজার টন কার্বন নিঃসারণ হবে। সেজন্যই ফুটবল সংস্থাটির এখন সবুজায়ন নিয়ে মনোযোগী হওয়া দরকার।
