দুই দিন পিছিয়ে যাচ্ছে এনসিএল

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:১২

 স্পোর্টস রিপোর্টার

ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনালে বৃষ্টি লম্বা সময় অপেক্ষায় রেখেছিল দুই দল ও দর্শকদের। অপেক্ষার সময়টাতে ড্রেসিংরুমে জাতীয় দলের ক্রিকেটাররা নিজেদের মাঝে কথা বলেছেন আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) নিয়ে। দেশের প্রধান প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতা মাঠে গড়ানোর কথা আগামী ৫ অক্টোবর।

অবশ্য গতকাল বিসিবির টুর্নামেন্ট কমিটি থেকে জানা গেছে, দুই দিন পিছিয়ে ৭ অক্টোবর মাঠে গড়াতে পারে এনসিএল। এই বিষয়ে আগামী ২৯ সেপ্টেম্বর মিটিং করবে টুর্নামেন্ট কমিটি। ঐ মিটিংয়েই চূড়ান্ত হবে এনসিএল শুরুর দিনক্ষণ। শ্রীলঙ্কায় ‘এ’ দলের দুটি চার দিনের ম্যাচ শেষ হওয়ার পরই এনসিএল শুরু করতে চায় টুর্নামেন্ট কমিটি। তবে এখনো দলগুলোর খেলোয়াড় তালিকা চূড়ান্ত হয়নি। ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নেওয়া শুরু হয়নি। গত বছর থেকেই ফিটনেস টেস্ট বাধ্যতামূলক করেছিলেন নির্বাচকরা। এনসিএলের স্পন্সরও চূড়ান্ত হয়নি।

এবার জাতীয় দলের সিংহভাগ ক্রিকেটারই এনসিএলে কয়েক রাউন্ড খেলবেন বলে আশা করা হচ্ছে। ভারত সফরের প্রস্তুতি ক্যাম্পের আগে এনসিএল খেলবেন তারকা ক্রিকেটাররা। যদিও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলায় ব্যস্ত থাকবেন সাকিব আল হাসান ও লিটন দাস।  চোটগ্রস্ত অফস্পিনার নাঈম হাসান ও পেসার তাসকিন আহমেদ প্রথম রাউন্ড মিস করবেন। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্টে বল লেগে নাঈমের আঙুলের হাড়ে চিড় ধরেছিল। গতকাল মিরপুর স্টেডিয়ামে নাঈম বলেছেন, দ্বিতীয় রাউন্ড থেকে এনসিএল খেলার আশা করছেন। আর সাইড স্ট্রেইনে ভুগছেন তাসকিন। এছাড়া মুশফিক-মাহমুদউল্লাহদের দেখা যেতে পারে এনসিএলে।  জাতীয় দলের ক্রিকেটাররা এনসিএলে পারফর্ম করার চেষ্টা করবে জানিয়ে মঙ্গলবার রাতে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ রিয়াদ বলেছিলেন, ‘সবাই কম বেশি সিরিয়াস। কারণ আমরা যখন ক্রিকেট খেলতে যাই সেটা এনসিএল হোক বা বিসিএল হোক যেখানেই খেলি আমাদের পারফর্ম করতে হবে। পারফর্ম করলে মনে হয় না প্রশ্ন উঠবে। সবাই যার যার জায়গা থেকে পারফর্ম করার চেষ্টা করি।