আমরা বিনোদনের জন্য নাটক, ছবি, টেলিফিল্ম ইত্যাদি দেখে থাকি। একটি বিষয় লক্ষ করছি, আমাদের দেশের নাটক, ছবি, টেলিফিল্ম সবকিছু প্রেম-ভালোবাসার বাক্সে বন্দি হয়ে গেছে। পরিচালক বা নির্মাতারা এর বাইরে বের হতে পারছেন না। কয়েক বছর আগেও দেখেছি, মানুষের সমাজজীবনকে তাঁদের কাজের মাধ্যমে ফুটিয়ে তুলতে। তাঁদের প্রত্যেকের চিন্তাভাবনার মধ্যে বৈচিত্র্য ছিল, যার ফলে দর্শকরাও বিনোদন পেতেন। কিন্তু এখনকার নাটক-টেলিফিল্মগুলোতে দর্শকরা বিনোদন পাচ্ছেন না এবং দেখার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলছেন। তারা ঝুঁকে পড়ছেন বিদেশি নাটক, সিরিয়াল এবং ছবির দিকে। তাই আমাদের পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই—সমাজের বিভিন্ন সমস্যা, অসংগতি, জীবনের গল্প তুলে ধরে সৃজনশীলতার বিকাশ ঘটিয়ে দেশজ সংস্কৃতিকে রক্ষা করুন।
মো. ইমরান হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়
