৯ হাজার শিক্ষার্থীর জন্য ৯০০ সিট!

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৬

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

মোবাশ্বের আহমেদ, বেরোবি সংবাদদাতা

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের আবাসন সংকট চরম আকার ধারণ করেছে। বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯ হাজার শিক্ষার্থীর বিপরীতে আবাসিক হলগুলোতে আসন সংখ্যা মাত্র ৯৩৭টি। ফলে সিংহভাগ শিক্ষার্থীর নির্ভরশীল হতে হচ্ছে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার মেসগুলোর ওপর।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৯ হাজার। বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হল মিলে আসনসংখ্যা মাত্র ৯৩৭টি। এর মধ্যে ছেলেদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে সর্বাধিক আসন ৩৫৫টি ও শহীদ মুখতার ইলাহী হলে ২৪০টি। আর মেয়েদের জন্য একমাত্র শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩৪২টি আসন রয়েছে। মোট শিক্ষার্থীর তুলনায় এ আসন সংখ্যা অতি নগণ্য।

শিক্ষার্থীদের অভিযোগ, চরম আবাসন সংকট নিরসনে তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। বছরের পর বছর অতিবাহিত হলেও ছেলেদের জন্য নতুন হল নির্মাণ করার তেমন উদ্যোগ নেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানে মেয়েদের জন্য নির্মাণাধীন ‘শেখ হাসিনা’ হলের নির্মাণ কাজও চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য যে আবাসন ব্যবস্থা আছে তা খুবই নগণ্য। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত আরো হল নির্মাণ করে শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধান করা।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রকৌশলী কমলেশ চন্দ্র সরকার জানান, প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানে মেয়েদের জন্য ‘শেখ হাসিনা’ হল নির্মাণ করা হচ্ছে। এখন পর্যন্ত ছেলেদের জন্য নতুন কোনো হল নির্মাণের ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তবে বিশ্ববিদ্যালয়ের স্থাপনা নির্মাণের ২য় ফেজের কাজে নতুন হল নির্মাণ করা হবে।