রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতা
লক্ষ্মীপুরের রামগঞ্জে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মো. হিমেল (২০) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে নানার বাড়ি উপজেলার ৭ নম্বর দরবেশপুর ইউনিয়নের পশ্চিম শোশালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। হিমেল রামগঞ্জ উপজেলার শেখপুরা গ্রামের মুন্সিবাড়ির আবদুল কাদেরের ছেলে ও রামগঞ্জ মডেল বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি পরীক্ষার্থী। হিমেলের বাবা আবদুল কাদের জানান, হিমেলের মাকে নিয়ে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিত্সা নিতে গেলে হিমেল নানার বাড়ি পশ্চিম শোশালিয়ার ধুল্লব বেপারি বাড়িতে বেড়াতে যায়। বিকালে হিমেল তার নানার ঘরে ড্রিল মেশিন দিয়ে কাজ করার সময় বিদ্যুতের তার থেকে বিদ্যুতায়িত হয়ে মারাত্মক আহত হয়। তাত্ক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়। গতকাল বুধবার সকাল সাড়ে আটটায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
