বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছে চসিক

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:২৯

চট্টগ্রাম অফিস

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে নির্দিষ্ট ডিজাইনে শুধু জাতির পিতা বঙ্গবন্ধুর ছবি দিয়ে পোস্টার, ব্যানার, ফেস্টুন ছাপানো, আলোকসজ্জা, শোভাযাত্রা, আলোচনা, সাংস্কৃতিক, ক্রীড়ানুষ্ঠানের পাশাপাশি টাইগারপাস হিলে ম্যুরাল স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল বুধবার দুপুরে নগরের টাইগার পাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির সভায় মেয়র এ কথা জানান।

মেয়র বলেন, অক্টোবরে কর্মসূচি চূড়ান্ত করা হবে। বঙ্গবন্ধু জনসভা ছাড়াও চট্টগ্রামে অনেকবার এসেছেন। রাজনৈতিক কর্মসূচি ছাড়াও অনেক সামাজিক অনুষ্ঠানে এসেছেন। এখানে অনেক স্মৃতি জাতির পিতার।

সভায় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দোহা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, চসিকের সচিব আবু শাহেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ, প্রধান নগর পরিকল্পনাবিদ একেএম রেজাউল করিম, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, নাট্যজন আহমেদ ইকবাল হায়দার বক্তব্য রাখেন।