কিশোরগঞ্জে ৪৮ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২১:৩০

তিন ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে ৪৮ কেজি গাঁজাসহ এক ট্রাক জব্দ করেছে র্যাব। সেইসঙ্গে আটক করেছে তিন মাদক ব্যবসায়ীকে। গত মঙ্গলবার রাতে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল জেলা পুলিশ লাইন সংলগ্ন বড়পুল এলাকায় একটি চেকপোস্ট বসিয়ে গাঁজা পরিবহনকারী ট্রাকটিকে আটক এবং তিন মাদকব্যবসায়ীকে  গ্রেফতার করে। এরা হলো—হবিগঞ্জের সুরমা গ্রামের কুদ্দস মিয়া,  রসুলপুর গ্রামের মো. আ. আহাদ ওরফে টিপু ও উত্তর সুরমা গ্রামের ওমর ফারুক।

র্যাব কিশোরগঞ্জ ক্যাম্পের উপপরিচালক লে. কমান্ডার বিএন এম শোভন খান জানান, একটি মাদক ব্যবসায়ীচক্র দীর্ঘদিন ধরে হবিগঞ্জ থেকে ভৈরব ও কিশোরগঞ্জ হয়ে নেত্রকোনা এবং ময়মনসিংহ  জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য পাচার করে আসছিল মর্মে তাদের কাছে গোপন তথ্য ছিল। তাদের ধরার জন্যই চেকপোস্ট বসিয়ে নজরদারি জোরদার করেছিল র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদকদব্য ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা র্যাবের নিকট স্বীকার করেছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।