গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকবিরোধী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে। পিকেএসএফের সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচির আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ) এ র্যালির আয়োজন করে। গতকাল বুধবার সকালে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম এ র্যালির উদ্বোধন করেন। জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে শহরে এ র্যালি শুরু হয়। শহরের ৫ কিলোমিটার প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে র্যালিটি শেষ হয়। এতে গোপালগঞ্জ সাইক্লিং ক্লাবের শতাধিক সাইক্লিস্ট অংশ নেন।
এর আগে শিল্পকলা একাডেমিতে বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকবিরোধী সচেতনামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মোর্শেদ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান, গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম ও গোপালগঞ্জ উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক যুগোল কিশোর বিশ্বাস, বিজ কর্মকর্তা মো. মামুনুর রশিদসহ আরো অনেকে বক্তব্য রাখেন। বিজের কর্মকর্তা শাহী মাছুমা আখতার এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
বিজের প্রোগ্রাম অফিসার মো. মামুনুর রশিদ বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকবিরোধী সতেনতা সৃষ্টিতেই আমরা এ আয়োজন করেছি। এ আয়োজন বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদকের অপব্যবহার সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তুলবে ।
গোপালগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম বলেন, এ ধরনের আয়োজন শিশুকিশোরকে মাদক থেকে দূরে রাখবে। তার বাল্যবিবাহ সম্পর্কে সচেতন হয়ে বাল্যবিবাহ প্রতিরোধ করবে।
