মহাসড়কে পুলিশের হয়রানি বন্ধের দাবি

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ২২:০০

বিশেষ প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচনের ডামাডোলের মধ্যে মহাসড়কে পুলিশের হয়রানি বেড়েছে। ঠুনকো অভিযোগে পুলিশ একের পর এক মামলা নিয়ে ট্রাক-কাভার্ডভ্যান চালকদের হয়রানি করছে। পুলিশের এ ধরনের হয়রানি অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি। গতকাল সোমবার তেজগাঁও ট্রাক টার্মিনালে সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় নেতৃবৃন্দ এ আহবান জানান। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি হাজি মোঃ তোফাজ্জল হোসেন মজুমদার।

 সভায় সমিতির সাধারণ সম্পাদক মোঃ রুস্তম আলী খান বলেন, দেশের জাতীয় নির্বাচনের আগে সড়ক মহাসড়কে পণ্য পরিবহনের উপর এক শ্রেণির পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা দিয়ে গাড়ির মালিক ও শ্রমিকদের হয়রানি করছে। কারণে-অকারণে ঠুনকো অজুহাতে মামলার ভয় দেখিয়ে মালিকদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। কিছু কিছু সার্জেন্ট গাড়ি সম্পর্কে না জেনেই অযথা মামলা দিচ্ছে এবং মামলার ধারার সাথে ১ ও ২ যোগ করে অতিরিক্ত জরিমানার টাকা হাতিয়ে নিচ্ছে। এতে করে সাধারণ মালিক ও শ্রমিকরা হয়রানিসহ তাদের মাঝে সৃষ্টি হচ্ছে চরম ক্ষোভের।

নেতৃবৃন্দ আরো বলেন, গাড়ির কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও কিছু কিছু অসাধু পুলিশ কর্মকর্তা বিনা অজুহাতে কাগজপত্র আটক করে রাখে এবং প্রতিটি গাড়ির মালিককে মাসোহারা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। তা না করলে শুধু মামলা দিয়ে মালিকদের হয়রানি করতে থাকে। সভায় আরো বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি খবির উদ্দিন আহম্মেদ, আমির হোসেন নান্নু শহীদুল্যাহ পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক হোসেন আহম্মেদ মজুমদার, যুগ্ম সম্পাদক ফারুক হোসেন হেলাল, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম খানসহ অন্য নেতৃবৃন্দ।