ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর আইডিয়াল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থী ভর্তি লটারি প্রক্রিয়ায় সম্ভাব্য জালিয়াতি ও দুর্নীতি প্রতিরোধ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট টিম। দুদকের অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান সমন্বয়ক ও মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী নির্দেশে গতকাল সোমবার স্কুলটিতে অভিযান চালায় দুদক টিম।
জানা গেছে, আইডিয়াল স্কুল এন্ড কলেজে ২০১৯ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে সর্বমোট ৮৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। মতিঝিল ও বনশ্রী শাখায় বাংলা ও ইংরেজি উভয় ভার্সনে এবং মুগদা শাখায় শুধু বাংলা ভার্সনে বালক ও বালিকা পৃথক ক্যাটাগরিতে ছাত্র-ছাত্রী ভর্তি হবে। এর মধ্যে গতকাল সোমবার ৬টি ক্যাটাগরি লটারি অনুষ্ঠিত হয় এবং আজ মঙ্গলবার অবশিষ্ট ৪টি লটারি অনুষ্ঠিত হবে।
দুদক সূত্র জানায়, লটারির এ প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে দুদক টিম সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত আইডিয়াল স্কুলে অবস্থান করে। এসময় অনুষ্ঠিত লটারির ফল পেন্সিলের পরিবর্তে বলপেন/অমোচনীয় কালি দিয়ে লেখা নিশ্চিত করে। অন্যদিকে বালক ক্যাটাগরিতে নির্বাচিত তালিকার পাশাপাশি কোন অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়নি। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম বন্ধে মতিঝিল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে নির্দেশ দেয় দুদক টিম। এছাড়া দুদক টিম উক্ত স্কুলের পার্শ্ববর্তী এলাকায় গড়ে ওঠা অসংখ্য ভর্তি কোচিং সেন্টারের প্রতিনিধিদের সমাগম নিয়ন্ত্রণ করে।
