পেট্রোবাংলার ডিজিএমসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাত জন নিহত হয়েছেন। গত মঙ্গলবার ও গতকাল বুধবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
সিরাজগঞ্জ :উল্লাপাড়া উপজেলার পাচিলায় গতকাল ঢাকাগামী পাবনা এক্সপ্রেসের সঙ্গে সিরাজগঞ্জ থেকে ছেড়ে যাওয়া হাটিকুমরুলগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংর্ঘষে দুই জন নিহত এবং অন্তত চার জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতরা হলেন পেট্রোবাংলা সিরাজগঞ্জ হাটিকুমরুল শাখার ডিজিএম যশোর সদর উপজেলার ষষ্ঠীতলার মো. শহিদুল ইসলাম (৫৫) ও সদর উপজেলার চর ছকিনাবাড়ী গ্রামের মাইক্রোচালক আনোয়ার হোসেন (৪০)।
কটিয়াদী (কিশোরগঞ্জ) :কটিয়াদী উপজেলার ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আচমিতা ইউনিয়নের গাংকুলপাড়া ও মধ্যপাড়া নামক স্থানে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। নিহতরা হলেন কিশোরগঞ্জের অষ্ঠবর্গ গ্রামের আ. বারিক মিয়া (৪৫), কাটাবাড়িয়া ইউনিয়নের মাসুদ মিয়া (৪৫), ভৈরবের গজারিয়া গ্রামের ফয়সাল মিয়া (১৫) এবং ভবানীপুর গ্রামের লুত্ফুর রহমানের মেয়ে তন্বী (৮)। মঙ্গলবার আচমিতা-মধ্যপাড়া সড়কের ২ কিলোমিটার ব্যবধানে পর পর তিনটি দুর্ঘটনায় হতাহতের এ ঘটনা ঘটে।
সাতক্ষীরা :সাতক্ষীরা শহরের বাঙ্গালের মোড়ে গাড়ির যাত্রী নামাতে গিয়ে ট্রাকের ধাক্কায় প্রাণ হারান বাসের হেলপার মেহেদি হাসান (২২)। গতকাল শহরের বাঙ্গালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মেহেদি হাসান সাতক্ষীরা সদর উপজেলার ধূলিহর গ্রামের কামরুল ইসলামের ছেলে।
