খাগড়াছড়িতে গোলাগুলি সন্ত্রাসী নিহত, মেজর গুলিবিদ্ধ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৪

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গহিন অরণ্যে লক্ষ্মীছড়ি জোনে সেনাসদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার বিকালে কুমারী বটটিলা এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে। এ সময় লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. আনিসুর রহমান গুলিবিদ্ধ হন। তাকে মানিকছড়ি হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। পরে ঘটনাস্থল থেকে এক উপজাতীয় সন্ত্রাসীর গুলিবিদ্ধ লাশ, একটি এসএমজি, বিপুল পরিমাণ অন্যান্য অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। একজন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

গোপন সংবাদের ভিত্তিতে সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত হলে লক্ষ্মীছড়ি সেনা জোনের উপ-অধিনায়ক মেজর আনিসুর রহমান ও ক্যাপ্টেন নাসিরের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে ফেলেন। সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছুড়লে মেজর আনিসের ডান পা গুলিবিদ্ধ হয়। পরে সেনাবাহিনীও পালটা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে উপজাতীয় সন্ত্রাসীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। তাত্ক্ষণিকভাবে তার নাম ও পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে মানিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ করীম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় সেনাবাহিনীর একজন কর্মকর্তাকে গুলিবিদ্ধ অবস্থায় মানিকছড়ি হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের চিকিত্সক ডা. মো. মহিউদ্দীন আহত সেনা কর্মকর্তার চিকিত্সা করেন।  এদিকে সংঘর্ষ থেমে গেলেও রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে সেনা অভিযান চলছিল। তবে এ ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত ১৮ আগস্ট রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় সেনা টহলের ওপর সন্ত্রাসীরা গুলি বর্ষণ করলে মো. নাসির উদ্দিন নামে এক তরুণ সৈনিক নিহত হন। পরে তল্লাশি চলাকালীন সন্ত্রাসীদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ক্যাপ্টেন মেহেদী ও সৈনিক মহসিন গুরুতর আহত হন। এছাড়া ২৬ আগস্ট খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর টহলের ওপর হামলা চালালে পালটা হামলায় তিন সন্ত্রাসী নিহত হয়।