ছাত্রীর শ্লীলতাহানির মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের অধ্যাপক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলের প্রাধ্যক্ষ বিথীকা বণিকের ছোটো ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার এজাহার থেকে জানা যায়, ভুক্তভোগী ঐ ছাত্রী গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন ধরমপুর এলাকার যোজক টাওয়ার ভবনে অধ্যাপক বিথীকা বণিকের ছোটো মেয়েকে পড়াতে গিয়েছিলেন। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অধ্যাপকের শারীরিক অসুস্থতার কারণে ঐ ছাত্রী রাতে অধ্যাপকের বাসাতেই থেকে যান। কিন্তু রাত দেড়টার দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলে সমস্যা হওয়ায় অধ্যাপক বিথীকা বণিক তত্ক্ষণাত্ হলে চলে আসেন। সকাল পর্যন্ত তিনি হলেই ছিলেন। এই সুযোগে ঐ অধ্যাপকের বাড়িতে বসবাসরত শ্যামল বণিক ঐ ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে। পরে মেয়েটি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে মতিহার থানা পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং শ্যামলকে আটক করে। পরে শ্যামলকে আসামি করে মতিহার থানায় শ্লীলতাহানির মামলা করেন ঐ ছাত্রী।
