ইত্তেফাক রিপোর্ট
হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অধস্তন আদালতের সকল এজলাস/কোর্ট রুমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি টাঙানো ও সংরক্ষণ শুরু হয়েছে। ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি টাঙানো হয়েছে। হাইকোর্টের এ সংক্রান্ত আদেশের সত্যায়িত অনুলিপি পাওয়ার পরই আইন মন্ত্রণালয় সোমবার এ সংক্রান্ত চিঠি দেয়।
এতে বলা হয়, গত ২৯ আগস্ট হাইকোর্ট দেশের সকল অধস্তন আদালতের এজলাস/কোর্ট রুমে দুই মাসের মধ্যে জাতির পিতার প্রতিকৃতি টাঙানো ও সংরক্ষণের নির্দেশ প্রদান করেছেন। এ অবস্থায় অধস্তন আদালতের সকল এজলাস/কোর্ট রুমে জাতির পিতার প্রতিকৃতি টাঙানো ও সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। সোমবার এ সংক্রান্ত চিঠি অধস্তন আদালতের বিচারকরদের কাছে পাঠানো হয়েছে। ঐ চিঠি পাওয়ার পরই অনেক বিচারক বঙ্গবন্ধুর প্রতিকৃতি এজলাসে টাঙানো শুরু করেছেন।
চলতি বছরের ২১ আগস্ট আইনজীবী সুবীর নন্দী দাস অধস্তন আদালতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি টাঙ্গানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন। ঐ রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এক আদেশে দেশের সকল আদালতে দুই মাসের মধ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতি টাঙানোর নির্দেশ দেন।
