সংস্কৃতির সঙ্গে পর্যটনকে যুক্ত করে মন্ত্রণালয় গঠনের সুপারিশ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৮

ইত্তেফাক রিপোর্ট

দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের কাঙ্ক্ষিত বিকাশ ও পর্যটন শিল্পের উন্নয়নে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং পর্যটন মন্ত্রণালয়কে একীভূত করে একটি একক মন্ত্রণালয় গঠনের সুপারিশ করা হয়েছে। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

বৈঠকে লোকসংগীত সংরক্ষণের ব্যাপারে শিল্পকলা একাডেমির কার্যক্রম বিশেষভাবে চিলমারী (কুড়িগ্রাম) এলাকার বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী ভাওয়াইয়া সংগীত সংরক্ষণের বিষয়ে আলোচনা হয়। নজরুল ইনস্টিটিউটের চলমান কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করে মন্ত্রণালয়। লোকসংস্কৃতি সংগ্রহ ও সংরক্ষণ কার্যক্রমের মাধ্যমে ২০১৬ সালে ১৩ হাজার ৪৮১টি গান সংরক্ষণ করা হয় যা শিল্পকলা অ্যাকাডেমি ও ন্যাশনাল আর্কাইভে সংরক্ষিত আছে বলেও বৈঠকে জানানো হয়। কমিটির সভাপতি সিমিন হোসেনের (রিমি) সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য—সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, মমতাজ বেগম, কাজী কেরামত আলী, অসীম কুমার উকিল ও সুবর্ণা মুস্তাফা অংশ নেন।