দুর্ভোগে মিরপুরের পূর্ব কাজীপাড়াবাসী
নিলয় মামুন
তীব্র পানির সংকটের মধ্যে দিন কাটাচ্ছে মিরপুরের পূর্ব কাজীপাড়ার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে পানির জন্য ওয়াসার শরণাপন্ন হলেও মিলছে না সমাধান। একাধিকবার ওয়াসা কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। যার কারণে কোনো রকম পানি কিনে দৈনন্দিন কাজ সারতে হচ্ছে এলাকাবাসীর। সর্বশেষ পানির সমস্যা সমাধানের জন্য গত ১৮ সেপ্টেম্বর একটি আবেদনও করে এলাকাবাসী। কিন্তু এখন পর্যন্ত এ সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেয়নি ওয়াসা।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ৫ মাসের বেশি সময় ধরে পূর্ব কাজীপাড়ার এক ও দুই নম্বর গলিসহ প্রায় ৩০ থেকে ৪০টি বাড়িতে পানি যায় না। অথচ ১৮ বছরের পুরোনো পানির পাম্পে পানি না উঠায় এলাকার মানুষ চাঁদা তুলে পানির পাম্প বসানোর জন্য জমি কিনে দেয় ওয়াসাকে। সেই জমিতে পাম্প বসায় ওয়াসা। কিন্তু সেটি বসানোর ৩ মাসের মধ্যেও পানি পাচ্ছে না মিরপুর পূর্ব কাজীপাড়ায় বসবাসকারীরা। যে এলাকায় পানি দেওয়ার জন্য এ পাম্প বসানো হয়েছে, সেই এলাকায় পানি না পেলেও প্রভাবশালীদের কারণে অন্য এলাকায় ওয়াসার পানি সরবরাহের অভিযোগ করেছে এলাকাবাসী।
তারা জানায়, রাতের বেলা প্রভাবশালীদের কারণে অন্য এলাকায় সেই পাম্পের পানি দিচ্ছে ওয়াসা। আর দিনের বেলা কিছু সময় পানি দিচ্ছে পূর্ব কাজীপাড়ায়। যা পর্যাপ্ত না হওয়ায় পানির সংকটে ভুগছে এ এলাকার মানুষ। কাজীপাড়ার বাসিন্দা আলী আহম্মদ বলেন, এ এলাকায় পানির সমস্যা থাকত না, যদি ওয়াসা একটু ভালোভাবে তদারকি করত। সবাই মিলে টাকা দিয়ে পানির জন্য জমি কিনে দিয়েও সমস্যায় পড়তে হচ্ছে সবার। এটি খুবই দুঃখজনক। প্রতিদিন পানি কিনে কতদিন চলা যায়? পূর্ব কাজীপাড়া মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জাব্বার বলেন, আমরা এ সমস্যা সমাধানের জন্য একটি আবেদনও ওয়াসাকে দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। পুরাতন একটি পাম্প রয়েছে পাশে। প্রয়োজনে সেটিও সংস্কার করা যেতে পারে। কিন্তু ওয়াসার কার্যকরী পদক্ষেপ চোখে পড়েনি।
এ বিষয়ে মিরপুর ওয়াসা জোনের নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান ইত্তেফাককে বলেন, এ বিষয় সম্পর্কে তার কিছু জানা নেই। তবে এ বিষয়ে কাল (বৃহস্পতিবার) খোঁজ নেবেন বলে জানান।
