‘ফেসবুক স্ট্যাটাসে কমেন্টস করা নিয়ে’ বিরোধের সূত্র ধরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন। বুধবার বিকালে যবিপ্রবি ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহতরা হলেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের মাস্টার্সের ছাত্র আশিক খন্দকার, ফিজিক্যাল এডুকেশন ৩য় বর্ষের কামরুল হাসান, ইংরেজি ১ম বর্ষের জুয়েল রানা ও রুহুল কুদ্দুস এবং গণিতের মাস্টার্সের ছাত্র ইলিয়াস হোসেন। তাদের ২৫০ শয্যাবিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ইলিয়াস হোসেন জানান, যবিপ্রবির এক ছাত্রীর স্ট্যাটাসে অশ্লীল মন্তব্য করেন জুয়েল। এর প্রতিবাদ করলে জুয়েল ও তার বন্ধুরা তাকে মারপিট করেন। পরে ইলিয়াসের সহপাঠীরা জুয়েলসহ অন্যদের ধাওয়া করে। অপরদিকে জুয়েল ও অন্যরা জানান, বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত অন্তর দে শুভ ও ইসমে আজম শুভ বহিরাগতদের নিয়ে এসে তাদের ওপর হামলা চালায়। এতে তারা চার জন আহত হন। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
