জাবিতে ছাত্রলীগ নেতাকে মারধরের জেরে দুই বহিরাগতকে মারধর

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:০৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতা আব্দুল্লাহ আল ময়িদকে মারধরের জেরে বহিরাগত দুই পরিবহন শ্রমিককে মারধর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। প্রহূত আব্দুল্লাহ আল ময়িদ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল ময়িদ বান্ধবীসহ মীর মশাররফ হোসেন হল সংলগ্ন সড়কে হাঁটছিলেন। এসময় পরিবহন শ্রমিক বিপ্লব ও সম্রাট ময়িদের বন্ধবীকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করে। এর প্রতিবাদ করলে তারা দুজন ময়িদের ওপর চড়াও হয় এবং তার নাকে মুখে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে। এতে ময়িদের গাল কেটে রক্ত বের হয়। পরে তাকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, উল্লেখিত ঘটনা দূর থেকে দেখে মীর মশাররফ হোসেন হলের কয়েকজন ছাত্রলীগ কর্মী সেখানে যান এবং বিপ্লব ও সম্রাটকে বেধড়ক মারধর করে। পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসানসহ প্রক্টরিয়াল দলের সদস্যরা এবং নিরাপত্তা শাখার কয়েকজন সদস্য সেখানে যান। তারা সম্রাট ও বিপ্লবকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কার্যালয়ে নিয়ে যান। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ঐ দুজনকে আশুলিয়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ করা হয়নি।

আশুলিয়া থানার উপপরিদর্শক কামরুজ্জামান বলেন, দুইজনকে জাবি প্রশাসন আমাদের হাতে তুলে দিয়েছে। তবে প্রশাসন কোনো অভিযোগ না দিলে আমরা কিছু করতে পারি না। জানা গেছে, আটক দুই পরিবহন শ্রমিক বিপ্লব ও সম্রাটের বাড়ি বগুড়ার কাহালুতে। তারা দুজনেই রাজধানীর একটি পরিবহন কোম্পানিতে কাজ করে।