জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে দোষ চাপানো হচ্ছে বিএনপির ওপর -----------------রিজভী

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:১৯

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের চিরাচরিত নীতি হচ্ছে—তারা কোনো বড়ো কেলেঙ্কারি করে ধরা খাওয়ার পর যখন আর সামাল দিতে পারে না, তখন তারা জনগণের দৃষ্টি ভিন্নখাতে নিতে দোষ চাপায় বিএনপির ওপর।

গতকাল বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আপনারা সরকারকে প্রশ্ন করুন ২০০৬ সাল থেকে বিএনপি ক্ষমতায় নেই, ক্যাসিনো যদি বিএনপি শুরু করে থাকে তাহলে ১৩ বছর সেটি চালু রাখলেন কেনো? বন্ধ করলেন না কেনো?

রিজভী বলেন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ রাজশাহীতে গিয়ে সাংবাদিকদের বলেছেন, ‘ক্যাসিনো সংস্কৃতি বিএনপি আমলেই শুরু করা হয়েছে। মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকা, মোসাদ্দেক হোসেন ফালুরা এগুলো শুরু করেছিলেন। তখন ক্ষমতার শীর্ষপর্যায় এগুলোর সঙ্গে যুক্ত ছিল। তাই কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’ তথ্যমন্ত্রীসহ অন্য আওয়ামী লীগ নেতা ও মন্ত্রীদের বক্তব্য শুনে মনে হয়, তাদের ভেতরে বড়ো কোনো ঘাপলা রয়েছে, যে ঘাপলা এখনো উন্মোচিত হয়নি। তাই আওয়ামী চুনোপুঁটিদের ধরে এখন সেটিকে আড়াল করা হচ্ছে। আর সেজন্যই বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সম্পর্কে অপপ্রচার করা হচ্ছে।