ডেঙ্গুতে নারীর মৃত্যু

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:২০

দুই মাসের বেশি সময় পর হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা ৪০০-এর নিচে নেমে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের হাসপাতালগুলোতে ৩৯৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। আগের দিন ৪৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিলেন হাসপাতালে।

এ দিকে, ডেঙ্গু জ্বরে আরো একজন মারা গেছেন। যশোরের কেশবপুরে লাভলী খাতুনের (৩৫) মৃত্যু হয়েছে। সে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জামির মোড়লের মেয়ে। লাভলী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩ সেপ্টেম্বর রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন মঙ্গলবার সন্ধ্যায় তাকে উন্নত চিকিত্সার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিত্সারত অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

এদিকে এই মুহূর্তে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ১৭৪৫ জন ডেঙ্গু রোগী চিকিত্সাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ৫৮১ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছরের শুরু থেকে বুধবার পর্যন্ত ৮৬ হাজার ১৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৮৪ হাজার ১৮৬ জন চিকিত্সা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন, শতাংশের হিসাবে যা ৯৭ দশমিক ৭ শতাংশ।