দেশে ক্যাসিনোর জন্মস্থান হাওয়া ভবন :সেতুমন্ত্রী

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:২১

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশে ক্যাসিনোর শুরু হাওয়া ভবন থেকেই। সুতরাং ক্যাসিনোর জন্মস্থানই হাওয়া ভবন।’ গতকাল বুধবার ঢাকা-আরিচা মহাসড়কের সাভার সেনানিবাসের শুটিং ক্লাব পয়েন্টে নির্মিত আন্ডারপাসের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু মদ ও জুয়া নিষিদ্ধ করেছিলেন। কিন্তু বিএনপি তা প্রবর্তন করেছে। বিএনপি যা সূচনা করেছে তা যে এখনো থাকবে, তা নয়। তারা কোনো ব্যবস্থা নেয়নি, আমরা নিয়েছি। খালেদা জিয়া পারেননি, শেখ হাসিনা পেরেছেন।’ দেশে দুর্নীতিবাজদের বিরুদ্ধে চলমান অভিযানের বিষয়ে তিনি বলেন, ‘যাদের ধরা হচ্ছে তারা সত্যিকারের অপরাধী।’ অপকর্মকারীরাই অভিযানের মূল টার্গেট উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘শুধু ঢাকাতেই এই অভিযান সীমাবদ্ধ নয়। সুনামগঞ্জ থেকে সুন্দরবন, কুতুবদিয়া থেকে তেতুলিয়া—সারা বাংলায় যত দুর্নীতিবাজ, মাদক ব্যবসায়ী আছে, তাদের বিরুদ্ধে এই অভিযান চলবে। এখানে চুনোপুঁটি আর রাঘব বোয়ালের প্রশ্ন নয়, অনেককে দেখতে চুনোপুঁটি কিন্তু তারা কাজ করে রাঘব বোয়ালের মতো আবার অনেকে দেখতে রাঘব বোয়ালের মতো মনে হলেও দেখা যাবে সে হয়তো দুর্নীতি কিংবা অপরাধের সঙ্গে জড়িত নয়। অপরাধী যত বড়ো আর যত ছোটো হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না।’ অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আওয়ামী লীগের সম্মেলনের সঙ্গে এ অভিযানের কোনো সম্পর্ক নেই। কিছু কিছু অপরাধের কারণে শেখ হাসিনা সরকারের উন্নয়ন ম্লান হচ্ছে। তাই গুটি কয়েক অপকর্মকারীর জন্য আমাদের সব উন্নয়নকে ম্লান হতে দিতে পারি না। আমাদের অভিযান লোক দেখানো নয়, দুর্নীতি-মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান সহনশীল পর্যায়ে না আসা পর্যন্ত চলবে।’ এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, জিওসি মেজর জেনারেল মো. আকবর হোসেন, চিফ ইঞ্জিনিয়ার মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান শেখ মো. শহীদুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল মসিউর রহমান, কর্নেল এস এম আনোয়ার হোসেন প্রমুখ।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এ আন্ডারপাসটির কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করে।