ফেসবুক স্ট্যাটাসে জাতীয় সংসদের হুইপ শামশুল হক চৌধুরীর বিরুদ্ধে জুয়ার আসর থেকে ১৮০ কোটি টাকা আয়ের অভিযোগ আনা সেই পুলিশ পরিদর্শক সাইফুল আমিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শকের (এআইজি-পারসোনাল ম্যানেজমেন্ট-২) পক্ষে এআইজি (পিআইও-১) আনোয়ার হোসেন খান স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়। তাকে রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
হুইপ সামশুলের মামলা দায়ের
ফেসবুকে ‘মিথ্যা ও বানোয়াট’ তথ্য উপস্থাপনের মাধ্যমে মানহানি করায় পুলিশ পরিদর্শক মাহমুদ সাইফুল আমিনের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী। গতকাল সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮-এর কয়েকটি ধারায় মামলাটি দায়ের করা হয়। গত ২০ সেপ্টেম্বর রাত ১টা ৫৭ মিনিটে নিজের ফেসবুক ওয়ালে ‘ক্লাব-জুয়া-সাংসদ এবং ওসি’ শিরোনাম একটি স্ট্যাটাস দেন পুলিশের পরিদর্শক মাহমুদ সাইফুল আমিন। হুইপ সামশুল হক চৌধুরী বলেন, চট্টগ্রাম আবাহনী ক্লাবের দায়িত্ব নেওয়ার পর থেকে ক্লাবটির উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কোনো দিন ক্লাব থেকে একটি পয়সাও নেইনি। আবাহনী ক্লাবে জুয়ার আসরই বসে না, সেখানে জুয়ার আসর থেকে টাকা আয় হচ্ছে বলে মন্তব্য করা ষড়যন্ত্রের অংশ।
