অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মাহবুবুল আনামের কাছে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদক থেকে এই নোটিশ তার ঢাকা ক্যান্টনমেন্টের বাসার ঠিকানা বরাবর পাঠানো হয়েছে। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত নোটিশে তাকে আগামী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়েছে।
দুদক সূত্র জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মাহবুবুল আনামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে চার কোটি ৭৭ লাখ ৯৮ হাজার টাকার স্থাবর সম্পদ ও ৫৬ কোটি ৭৬ লাখ ৮৪ হাজার ৯৪৪ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৬২ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৯৪৪ টাকার সম্পদ রয়েছে বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগের ভিত্তিতে কমিশন অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। দুদকের উপপরিচালক মো. মঞ্জুর আলমকে অভিযোগটি অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়। কমিশন প্রাথমিক অনুসন্ধানকালে ঐ সম্পদ অর্জনের গ্রহণযোগ্য কোনো তথ্য প্রমাণ না পাওয়ায় সম্পদ বিবরণী তলব করেছে।
দুদকের নোটিশে বলা হয়, প্রাথমিক অনুসন্ধান শেষে কমিশন মনে করছে, মাহবুবুল আনাম জ্ঞাত আয় বহির্ভূত নামে বা বেনামে বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন। নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তার নিজের, নির্ভরশীল ব্যক্তিবর্গের যাবতীয় স্থাবর বা অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উত্স ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দাখিল করতে বলা হয়।
