খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গহীন অরণ্যে লক্ষ্মীছড়ি জোনের সেনাবাহিনী ও উপজাতীয় সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে এক সেনা অফিসার গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে একজনকে। গতকাল বিকালে কুমারী বটটিলা এলাকায় ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনী অভিযান চালালে এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়।
জানা গেছে, আহত সেনা অফিসার লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. আনিসুর রহমানকে প্রথমে মানিকছড়ি হাসপাতালে চিকিত্সা দেওয়ার পর চট্টগ্রাম সিএমএইচএ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে জনপ্রিয় চাকমাকে গুলিবিদ্ধ অবস্থায় অস্ত্রসহ আটক করে নিরাপত্তা বাহিনী। পরে তাকেও চট্টগ্রাম পাঠানো হয়। তার পিতার নাম ধীরেন চন্দ্র চাকমা। বাড়ি দীঘিনালা উপজেলায়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত হলে লক্ষ্মীছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর আনিস ও ক্যাপ্টেন নাসিরের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে ফেলে। সন্ত্রাসীরা সেনাবাহিনীর উপস্থিত টের পেয়ে তাদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। পরে সেনাবাহিনীও পালটা গুলি চালায়।
এ বিষয়ে মানিকছড়ি থানার অফিসার (তদন্ত) মো. মাসুদ করীম ঘটনার সত্যতা স্বীকার করেন। তবে এ ঘটনায় সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে সংঘটিত বন্দুকযুদ্ধের ঘটনার সঙ্গে ইউপিডিএফকে জড়িয়ে কতিপয় সংবাদ মাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা আদৌ সত্য নয় বলে জানিয়েছেন ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা।
