জঙ্গিদের নিশানায় নরেন্দ্র মোদি, অমিত শাহ সতর্কবার্তা গোয়েন্দাদের

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ০০:২৮

ভারতের প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে টার্গেট করছে জঙ্গিরা। গোয়েন্দা রিপোর্টে এই তথ্য পাওয়ার পরেই হাইঅ্যালার্ট জারি করা হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানা গেছে। ৩০টি বড় শহরের নামে হুমকি থাকায় সমস্ত রাজ্যকে সতর্কবার্তা পাঠিয়েছে মন্ত্রণালয়। বিমান ঘাঁটিগুলিকে টার্গেট করার খবরও পাওয়া গেছে। জানা গেছে, ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে শ্রীনগর, অবন্তীপুরা, জম্মু, পাঠানকোটে। হিন্দোনের বিমান ঘাঁটিতে নিরাপত্তাসহ অন্যান্য সমস্ত সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।

প্রতিরক্ষামন্ত্রণালয় এবং গোয়েন্দা তথ্যে পাওয়া রিপোর্ট অনুযায়ী, বিমানঘাঁটিতে আত্মঘাতী হামলার ছক কষছে পাকিস্তানের জঙ্গি সংগঠন জয়শ-ই-মোহাম্মদ। ১০ সেপ্টেম্বরের তারিখ দেওয়া এবং অসামরিক বিমান নিরাপত্তা ব্যুরোর কাছে জয়শের সামস নামে একজন চিঠি পাঠিয়েছে। হিন্দিতে লেখা ওই চিঠিতে দাবি করা হয়েছে, ৩৭০ ধারা নিয়ে সরকারের পদক্ষেপের বদলা নেওয়া হবে। সূত্রের খবর, জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার এবং রাজ্যটিকে ভেঙে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার সরকারের পরিকল্পনার পর থেকেই হামলার পরিকল্পনা করছে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠনগুলো।

সূত্রের খবর, উচ্চ পর্যায়ে হামলার ছক কষছে জয়শ। চলতি সপ্তাহে জাতিসংঘের বার্ষিক সাধারণ সভায় সমবেত হবেন আন্তর্জাতিক নেতারা। আশঙ্কা করা হচ্ছে, কোনো একটি আয়োজনের ওপর হামলা করা হতে পারে, বিশেষ করে বিমান পরিষেবা ব্যাঘাত ঘটাতে বিমানঘাঁটিতে হামলা করা হতে পারে। খবর পাওয়া যাচ্ছে, পাকিস্তান থেকে আশা ড্রোনের মাধ্যমে অনেক সংখ্যায় একে ৪৭ রাইফেল, গ্রেনেড এবং স্যাটেলাইট ফোন ফেলা হয়েছে। ১০ দিনে মোট ৮ বার, অস্ত্র, স্যাটেলাইট ফোন, ভারতের মাটিতে ফেলা হয়েছে বলে সূত্রের খবর।