বোনের বিয়ে খেয়ে লাশ হয়ে ফিরলো শিশু শাহীন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:১৮

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের সদরের ঈদগাঁওতে জেঠাত বোনের বিয়ে খেতে এসে লাশ হয়ে ফিরল মো. শাহিন বাবু (৭) নামের এক শিশু। বৃহস্পতিবার বেলা ১টার দিকে ঈদগাঁওর মেহের ঘোনা ‌নুর-এ-কমিউনিটি সেন্টারের সামনে বেপরোয়া গতির একটি ডাম্পার তাকে চাপা দিলে ঘটনাস্থলে নিভে যায় শাহীনের জীবন প্রদীপ। স্থানীয় জনতা চালকসহ ঘাতক ডাম্পারটি জব্দ করেছে। নিহত শাহীন বাবু ঈদগাঁওর দক্ষিন মেহেরঘোনা এলাকার চেহের আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নিহত বাবু বাড়ির পাশ্ববর্তী নূর এ কমিউনিটি সেন্টারে তার জেঠাত বোনের বিয়ের খাবার খেয়ে বাড়ি ফিরছিলো। রাস্তা পার হতে গিয়ে কক্সবাজারমুখী একটি ডাম্পার তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলে মারা যায় বাবু। স্থানীয়রা ধাওয়া করে চালক ও ডাম্পারটি জব্দ করে।

স্থানীয় সূত্র আরও জানায়, প্রতিবাদে সড়ক অবরোধ করে স্থানীয় উত্তেজিত জনতা। এতে বেলা সাড়ে ৩টা পর্যন্ত মহাসড়কের উভয় পাশে কয়েক শত যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আসাদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। কিন্তু কিছুতে অবরোধকারীদের সরানো যাচ্ছিলো না।

পরে খবর পেয়ে কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন ঘটনাস্থলে পৌঁছে আগামী এক সপ্তাহের মধ্যে স্পিড ব্রেকার করে দেওয়ার আশ্বাস দিলে উত্তেজিত জনতা শান্ত হয়। এরপর অবরোধ তুলে নিলে ৪টা হতে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন: মঠবাড়িয়ায় শিক্ষকের বেতের আঘাতে শিক্ষার্থীর চোখ নষ্টের আশংকা

এদিকে, স্থানীয় সূত্রের অভিযোগ, পার্কিং ও জনচলাচলের পর্যাপ্ত জায়গা না রেখে মহাসড়ক ঘেষে অপরিকল্পিত ভাবেই গড়া হয়েছে নূর-এ কমিউনিটি সেন্টারটি। মহাসড়ক ও কমিউনিটি সেন্টারটি পার্কিং স্থল লাগোয়া হওয়ায় উদ্বোধনের পর থেকে বছরে ৮-১০ জন এভাবে গাড়ি চাপায় দুর্ঘটনার শিকার হয়ে অকালে প্রাণ হারাচ্ছে। 

ইত্তেফাক/নূহু