গান নিয়ে আরজে টুটুল

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৬

টুটুল জহিরুল ইসলাম এফএম দুনিয়ার এখন এক জনপ্রিয় নাম। এফএম স্টেশনে কাজের সূত্র ধরে বর্তমানে রেডিও টুডেতে সিনিয়র আরজে হিসেবে কাজ করছেন। তবে মাইক্রোফোনের সঙ্গে এই ভালোবাসার সূত্রে এফএম প্রোগ্রাম যেমন স্বাচ্ছন্দ্যে করছেন ঠিক তেমনি গানের সঙ্গেও তার ভালোবাসা অনেকদিনের।  রেডিও টুডের এফএম মামা শোর মাধ্যমে এরইমধ্যে শ্রোতাদের ভালোলাগার সীমানা ছুঁয়েছেন। রেডিও জকির দায়িত্ব পালনের পাশাপাশি টুটুল নিজের গান নিয়েও একটু একটু করে এগুচ্ছেন। সম্প্রতি সালমান শাহ’র জন্মদিন উপলক্ষে তাকে উত্সর্গ করে  গাইলেন ‘একা আছি তো কী হয়েছে।’ গানটির গীতিকার মনিরুজ্জামান মনির এবং কণ্ঠশিল্পী রুনা লায়লা ও আগুনের প্রতি শ্রদ্ধা রেখেই টুটুল গানটি গাওয়ার চেষ্টা করেছেন। গানটির সংগীতায়োজন করেছেন ডিউক থিওটোনিয়াস। ভিডিও ধারণ এবং এডিটিং করেছেন মৃদুল পাল। গানটি রেডিও টুডের অফিশিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে একযোগে রিলিজ হয়।

উল্লেখ্য, এর আগে ২০১৪ সালে রিলিজ হয়েছিল টুটুলের একক অ্যালবাম ‘তোকে পাওয়ার সম্ভাবনা’। অ্যালবামটির টাইটেল ট্র্যাকসহ বেশকিছু গান এরইমধ্যে শ্রোতাদের কাছে দারুণভাবে সামদৃত হয়েছে। নতুন গান প্রসঙ্গে টুটুল বলেন, ‘নিয়মিত কাভার গানের পাশাপাশি নিজের কিছু মৌলিক গানের কাজও করে যাচ্ছি। খুব শিগগিরই তা দর্শক-শ্রোতাদের সামনে আনবো।’