দাদা সাহেব ফালকে পাচ্ছেন, আপ্লুত বিগ বি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৯:৫৬

দাদা সাহেব ফালকে পুরস্কার চলচ্চিত্রে ভারতের সর্বোচ্চ সম্মান এবং প্রতিবছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে তা প্রদান করা হয়। এ বছরের দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন বলিউড আইকন অমিতাভ বচ্চন। মঙ্গলবার সন্ধ্যায় এই ঘোষণার পর থেকেই শুভেচ্ছাবার্তায় আপ্লুত বিগ বি।

তিনি টুইট করেছেন, ‘আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং বিনীত।’ দাদা সাহেব ফালকের কোনো উল্লেখ না করেই বচ্চন টুইটটি করেছেন। এ বছরের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম আগস্টেই ঘোষণা করা হয়েছে এবং শিগগিরই দিল্লিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে আশা করা হচ্ছে।

অমিতাভ বচ্চনের দীর্ঘদিনের চলচ্চিত্র যাপনে অগ্নিপথ (১৯৯০), ব্ল্যাক (২০০৫), পা (২০০৯) এবং পিকু (২০১৫)-র মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য  সেরা অভিনেতার ৪টি জাতীয় পুরস্কার জিতেছেন। অমিতাভ বচ্চনের সম্মানের তালিকায় পদ্মশ্রী (১৯৮৪), পদ্মভূষণ (২০০১) এবং পদ্ম বিভূষণও (২০১৫) রয়েছে।