চারঘাট (রাজশাহী) সংবাদদাতা
চারঘাটে বিএনপি ও সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন। রবিবার উপজেলার ফরহাত আলাউদ্দিন মডেল স্কুলে আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে তারা যোগদান করেন। যোগদানকারীদের মধ্যে রয়েছেন শলুয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি তৌফিক ইসলাম তিলু, পৌর বিএনপির ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ২নং ওয়ার্ডের সাবেক সভাপতি শফিউর রহমান, যুবদল নেতা জাহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল কাদের প্রমুখ।
যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি সদ্য যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় যোগদানকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের লক্ষ্যে জনগণের কাছে দেশের উন্নয়নের কথা তুলে ধরতে হবে এবং সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। যোগদানকারীরা তাদের প্রতিক্রিয়ায় বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারায় অনুপ্রাণিত হয়ে আমরা আওয়ামী লীগে যোগদান করি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলামের সঞ্চালনায় যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইমদাদুল হক, জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাড. টিপু সুলতান, জেলা আ’লীগের সদস্য সাইফুল ইসলাম প্রমুখ।
