হবিগঞ্জ জেলায় মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চলতি মাস থেকে মিড ডে মিল কার্যক্রম শুরু হয়েছে। জেলায় মোট ১৭৭টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ১৫৬টি বিদ্যালয়ে মিট ডে মিল চালু হয়েছে। কার্যক্রম শুরু হওয়া বিদ্যালয়গুলোর মধ্যে এমপিওভুক্ত ও ননএমপিওভুক্ত বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৩৬ হাজার ৯২৪ জন। এর মধ্যে ৮০ হাজার ৩২৫ জন শিক্ষার্থী ২০ টাকার বিনিময়ে এ সুবিধা ভোগ করছেন। শিক্ষকরাও এর অন্তর্ভুক্ত রয়েছেন।
জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ জানান, এ কার্যক্রম চালু হওয়ার ফলে শিক্ষার্থীদের মধ্যে অনেক পরিবর্তন এবং শিক্ষার পরিবেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, যারা এ কার্যক্রমের আওতায় আসতে ইচ্ছুক নন, তারা বাড়ি থেকে খাবার এনেও খেতে পারেন। শুরু হওয়া এ কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, দুপুরের বিরতিকালীন সময়ে আগে শিক্ষার্থীদের দোকান থেকে কিনে এনে অস্বাস্থ্যকর খাবার খেতে হত। যার ফলে অনেকেই বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্ত হত। কিন্তু এ বিদ্যালয়ে রান্না করা খাবার স্বাস্থ্যকর ও মানসম্পন্ন হওয়ার ফলে নানা অসুখবিসুখ থেকে শিক্ষার্থীরা মুক্ত থাকবে। এছাড়া আগে দেখা যেত অনেক শিক্ষার্থী দুপুরের বিরতির পর বিদ্যালয় থেকে চলে যেত। আবার অনেকক্ষেত্রে দেখা গেছে বিরতির পর ক্লাসে শিক্ষার্থীরা অবসন্নতার কারণে অমনোযোগী হয়ে পড়েছে। ফলে এ সকল বিষয় উপলব্ধি করেই সরকার এ কার্যক্রম চালু করেছে।
এটি সরকারের যুগান্তকারী একটি পদক্ষেপ বলে উল্লেখ করে তিনি বলেন, মিড ডে মিল চালু করার ফলে শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগ সৃষ্টি, বিদ্যালয়ে শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের ধরে রাখা, ছুটির পর খেলাধুলাসহ সহপাঠ কার্যক্রমে সম্পৃক্তকরণ, বিদ্যালয়ের ফলাফলে ইতিবাচক ভূমিকা রাখা, ঝরেপড়া রোধ ও বিদ্যালয়ে উত্সবমুখর পরিবেশ সৃষ্টি হবে।
