আট সপ্তাহের মজুরি বকেয়া শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৭

নরসিংদীর পলাশের ঘোড়াশালস্থ বাংলাদেশ জুটমিলের শ্রমিকরা আট সপ্তাহের মজুরির দাবিতে বৃহস্পতিবার থেকে উত্পাদন বন্ধ করে দিয়েছে। এ সময় জিএম অফিস ঘেরাও করে জিএমকে অবরুদ্ধ করে বিক্ষোভ মিছিল করেছেন তারা। মিলের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক কাজী সিরাজুল ইসলাম সকালে তার অফিসকক্ষে আসলে জুটমিলের শ্রমিকরা মিল বন্ধ করে প্রশাসনিক ভবনের সামনে এসে মজুরির দাবিতে বিক্ষোভ মিছিল করতে থাকে। পরে ভারপ্রাপ্ত জিএমকে অবরুদ্ধ করে সমাবেশ করে।

সমাবেশে বক্তারা শ্রমিকদের আট সপ্তাহ মজুরি, কর্মকর্তাদের তিন মাসের বকেয়া বেতন ও কর্মচারীদের দুই মাসের  বেতন পরিশোধের আহবান জানান এবং পাটমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। বকেয়া মজুরি না দেওয়া পর্যন্ত মিলের উত্পাদন চালু করবে না বলেও জানান।

মিলের সিবিএ সভাপতি ইউসুফ আলী জানান, ৫২০ তাঁতের এই জুটমিলটিতে প্রায় সাড়ে ৩ হাজার শ্রমিক-কর্মচারী কর্মরত আছেন। কিন্তু বিজেএমসি কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও উদাসীনতার কারণে মিলটি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। বিজেএমসি টাকা না দেওয়ায় মিল কর্তৃপক্ষ আট সপ্তাহ যাবত্ শ্রমিকদের মজুরি ও দুই মাস ধরে কর্মচারীদের বেতন ও তিন মাস ধরে কর্মকর্তাদের বেতনভাতাদি দিতে পারছেন না।

মিলের তাঁত বিভাগের শ্রমিক জাহাঙ্গীর, কবির হোসেন, মিলের প্রবীণ শ্রমিক সিরাজ মোল্লা জানান, বাজারের সব কিছুর দাম বৃদ্ধির মধ্যে আট সপ্তাহ ধরে আমাদের মজুরি বন্ধ। এ অবস্থায় আমরা পরিবার-পরিজন নিয়ে অতিকষ্টে খেয়ে না খেয়ে দিন পার করছি।

এসব বিষয়ে বাংলাদেশ জুটমিলের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক কাজী সিরাজুল ইসলাম জানান, আমরা এখন শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে আছি। বিজেএমসি টাকা না দেওয়ার ফলে আমরা শ্রমিক-কর্মচারীদের মজুরিও দিতে পারছি না। টাকার অভাবে মিলের পাটও কিনতে পারছি না। আজকের এই শ্রমিক বিক্ষোভের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এদিকে মিলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।