মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
মঠবাড়িয়া যোগাযোগ বিচ্ছিন্ন বলেশ্বর নদের মধ্যবর্তী মাঝের চরবাসী যুগযুগ ধরে চরে ভোট কেন্দ্র না থাকায় দুর্ভোগ পোহাচ্ছেন। উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন এ চরে আজও কোনো ভোট কেন্দ্র গড়ে উঠেনি। ফলে প্রতিটি নির্বাচনে সাড়ে তিন কিলোমিটার নদী ঝুঁকি নিয়ে পার হয়ে দেড় কিলোমিটার পায়ে হেঁটে চরবাসী ভোটাধিকার প্রয়োগ করে আসছেন। শনিবার উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে মাঝেরচরে গেলে চরবাসী এবার চরে ভোট কেন্দ্রের দাবি জানান।
চরবাসী বৃদ্ধা সোমত্র বেগম বলেন, শরীরের যা অবস্থা এইবার ওই পারে ভোট দিতে যাইতে পারব না। ভোট আসলে সবাই ভোট কেন্দ্রসহ অনেক কিছু দেবার আশ্বাস দেয়। কিন্ত ভোটের পরে তাদের আর খবর থাকে না।
বেতমোড় ইউপি সদস্য মো. শহীদুল ইসলাম ভোট কেন্দ্রে যেতে দুর্ভোগের কথা শিকার করে বলেন, মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন প্রায় ৪৩০ জন ভোটার প্রতিবছর এপাড়ে ভোট কেন্দ্রে আসতে যেতে দুর্ভোগ পোহায়। কাছাকাছি একটা ভোট কেন্দ্র প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ বলেন, জনস্বার্থে বিচ্ছিন্ন চরে একটি ভোট কেন্দ্র প্রয়োজন। তবে চরটি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় নিরাপত্তাজনিত কারণে ভোট কেন্দ্র করা হয়নি। জনস্বার্থে বিষয়টি বিবেচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।
