২৮ বছর পর জমি ফিরে পেল বিদ্যালয়

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৮

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরের নেয়াজর পাড়ায় ১৯৯১ সালে প্রতিষ্ঠিত জনতা শাহপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠার এক বছরের মাথায় বিদ্যালয় ভবনের সামনের ২ শতক জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়। সেই বিরোধ স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার মুরব্বি, উপজেলা শিক্ষা কর্মকর্তা থেকে শুরু করে আদালত পর্যন্ত গড়ালেও মীমাংসা হয়নি। এতে ব্যাহত হচ্ছিল বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান। জানা যায়, ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ হয়। সম্প্রতি বিদ্যালয়ে সরকারিভাবে সীমানা প্রাচীর নির্মাণ শুরু হলে সেই ২ শতক জমির বিরোধ তুঙ্গে উঠে। বিরোধ মেটাতে এবার এগিয়ে আসা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ জানান, বিদ্যালয় ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুষ্ঠু শিক্ষার পরিবেশের জন্য জমিটুকু অবশ্যই দরকার ছিল। তাই বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে বিষয়টি আপস মীমাংসা করতে হয়েছে।