চালককে মারধরের প্রতিবাদে এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কে তৃতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে। জেলা বাসমালিক ও মোটর শ্রমিক ইউনিয়নের ডাকা এই বাস ধর্মঘটে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। সিরাজগঞ্জ বাসমালিক সমিতির সভাপতি আলমাজী জিন্নাহ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে সজিব-মাহি পরিবহনের এনায়েতপুর থেকে সিরাজগঞ্জগামী বাস বেলকুচির তামাই এলাকায় পৌঁছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দের দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারটি ধাক্কা দিলে তা ক্ষতিগ্রস্ত হয়। তখন চেয়ারম্যান দাঁড়াতে বললে বাসের চালক দ্রুত পালিয়ে যায়। বিষয়টি জানতে পেরে সমেশপুরে লোকজন বাসটি আটক করে চালক শাহীন হোসেনকে মারধর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার প্রতিবাদে এরপর থেকেই এই সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। তিনি বিষয়টির মীমাংসা দাবি করেন।
এ ব্যাপারে বেলকুচির রাজাপুর ইউপি চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ জানান, বিষয়টি মীমাংসার জন্য জেলা মোটর সমিতির অফিসে বসা হয়েছিল। সেখানে সুরাহার পর মোটর শ্রমিকেরা আবার আমার গাড়ির চালককে মারধর করে। আমি এর প্রতিবাদ জানাই।
