জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের দোসতিনা গ্রামের একই বাড়িতে নারী-পুরুষসহ ১৮ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে দুই জন চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন।
ঘটনার সত্যতা স্বীকার করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ডা. দেলোয়ার হোসেন বলেন, ঐ গ্রামের কয়েকটি বাড়িতে গত আট দিন থেকে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এর মধ্যে গত ২৪ সেপ্টেম্বর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় হাবিবুর রহমান তালুকদার এবং ১৯ সেপ্টেম্বর একই বাড়ির ফজলুল হক তালুকদার মারা যান। এছাড়া ১৯ সেপ্টেম্বর থেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে একই বাড়ির মৃত সামছুল হক তালুকদারের স্ত্রী ঝর্ণা বেগম, আলমগীর হোসেন তালুকদার ও তার স্ত্রী মনোয়ারা বেগম, একই বাড়ির রুমা বেগম, চার বছরের শিশু নাদিয়া, পারভীন বেগম ও মনির হাওলাদার বরিশাল সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঐ বাড়ির বাসিন্দা সুলতানা বেগম, হিরু তালুকদার, নাবিলা, আশা, আফিয়া, সাজিন, মিলন, ময়না বেগম ও সুলতানা বেগম বাড়িতেই প্রাথমিক চিকিত্সা নিচ্ছেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম শামসউদ্দিন জানান, সার্বিক খোঁজখবর নেওয়াসহ বাড়িতে বসে চিকিত্সা নেওয়া রোগীদের প্রাথমিক চিকিত্সা দেওয়ার জন্য বুধবার ঐ এলাকায় একজন স্বাস্থ্য কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
বরিশালের সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন জানান, আমরা এখনো নিশ্চিত নই যে, ডায়রিয়ার কারণেই মৃত্যু হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ আমাদের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
