বরিশালে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদ

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৩

আগামী ১ অক্টোবর থেকে নগরীতে ব্যাটারিচালিত রিকশা ও হলুদ ইজিবাইক বন্ধের ঘোষণার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে এক ঘণ্টা সিটি মেয়রের বাড়ির সামনে অবস্থান করে মালিক ও শ্রমিকরা। পরবর্তীতে বৈঠক ডেকে সমাধানের আশ্বাস দেওয়ার পর তারা স্থান ত্যাগ করে।

জানা গেছে, নগরীতে আড়াই হাজারেরও বেশি ব্যাটারিচালিত হলুদ ইজিবাইক ও রিকশা চলাচল করছে। তবে কয়েকটি সড়কে যানজট নিরসনের জন্য ১ অক্টোবর থেকে ব্যাটারিটালিত রিকশা ও হলুদ ইজিবাইক চলাচল বন্ধ ঘোষণা করে মেট্রোপলিটন ট্রাফিক বিভাগ। এ সিদ্ধান্তের প্রতিবাদে এর মালিক ও শ্রমিকরা সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাড়ির সামনে অবস্থান করে।

অটোমালিক ও চালকরা জানান, তাদের মধ্যে কেউ ঋণ নিয়ে গাড়ি ক্রয় করেছেন। এই দিয়ে তাদের সংসার চলে। আকস্মিকভাবে তাদের যানবাহন চলাচল বন্ধ করে দিলে না খেয়ে থাকতে হবে। পাশাপাশি নগরীতে অপরাধপ্রবণতা বাড়ার আশঙ্কা রয়েছে। প্রশাসন জনসাধারণের দুর্ভোগ লাঘবের যে অজুহাতে অটো বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তাতে নগরবাসীর দুর্ভোগ কমে আসবে না, দুর্ভোগ আরো বাড়বে।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম বলেন, অটোমালিক ও শ্রমিকদের প্রতিবাদের মুখে জরুরি বৈঠক করে সিটি মেয়র পরবর্তী সিদ্ধান্ত দেবেন। এমন আশ্বাসের ভিত্তিতে পরিস্থিতি শান্ত করা হয়েছে।