সৈয়দপুর বাইপাস মহাসড়ক থেকে মুমূর্ষু অবস্থায় জয়দেব রায় নামে এক যুবককে উদ্ধার করেছে সৈয়দপুর ফায়ার সার্ভিসের কর্মীরা। বুধবার রাত সোয়া আটটার দিকে বাইপাস মহাসড়কের বসুনিয়া মোড়ের কাছ থেকে তাকে উদ্ধার করা হয়। পরে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পর মারা যায় ঐ যুবক। হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিহত জয়দেব রায় নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের আরজি চড়াইখোলা গ্রামের জগদীশ রায়ের ছেলে। তিনি উত্তরা ইপিজেডের কট বিডি লিমিটেডের শ্রমিক। সৈয়দপুর ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসান জানান, সড়ক দুর্ঘটনায় মারা গেছে কী না তা উদ্ধারের সময় স্থানীয়রা জানাতে পারেনি। তবে নিহতের শরীর ক্ষতবিক্ষত ছিল।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা জানান, হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
