জলবায়ু পরিবর্তনের ন্যায্যতার দাবিতে মানববন্ধন

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ২১:০৪

জলবায়ু পরিবর্তনের ন্যায্যতার দাবিতে সাতক্ষীরায় বৃহস্পতিবার মানববন্ধন, পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালিত হয়। জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আনিসুর রহিমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, লিডার্সের নির্বাহী পরিচালক মোহন কুমার মণ্ডল প্রমুখ।

দক্ষিণ-পশ্চিম উপকুলীয় এলাকাকে উপদ্রুত এলাকা ঘোষণা ও বিশেষ বরাদ্দ প্রদান, উপকূলীয় এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, জলবায়ু ও দুর্যোগ তহবিল গঠন, বিশুদ্ধ খাবার নিশ্চিতকরণ, সুন্দরবন ও জীববৈচিত্র্য সুরক্ষায় অধিকতর কার্যকরী পদক্ষেপ গ্রহণসহ ১৩ দফা দাবি তুলে ধরেন বক্তারা। পরে এক পদযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।