ধর্মীয় প্রতিষ্ঠান ও দুস্থদের মধ্যে সোলার বাতি বিতরণ
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা ফুলবাড়ীতে ধর্মীয় প্রতিষ্ঠান ও দুস্থ পরিবারের মধ্যে ৬৯টি সোলার বাতি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদের হলরুমে ইউনিয়ন পরিষদের উদ্যোগে টিআর কাবিখা প্রকল্পের অওতায় সোলার বাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. মাছুমা আরেফিন। এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ-হারুন, বেঙ্গল সোলারের উপজেলা ব্যবস্থাপক আব্দুল মজিদসহ ইউপি সদস্য ও সদস্যাগণ উপস্থিত ছিলেন।
যুবলীগের আহ্বায়ক কমিটিতে তিন নতুন মুখ
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বুধবার মির্জাপুরে উপজেলা যুবলীগের উদ্যোগে বর্ধিত সভায় তিন নুতন মুখ অন্তর্ভুক্ত করা হয়েছে। এরা হলেন মো. হামিদুল ইসলাম সোনাম, মো. সুরুজ আল মামুন এবং মো. সুমন সিকদার। ঐ দিন উপজেলা সদরের শহিদ মিনারসংলগ্ন কলেজ রোডের মির্জাপুর ক্লাব মিলনায়তনে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. মামীম আল আমুনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মির্জাপুর পৌরসভার মেয়র মো. সাহাদত হোসেন সুমন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য মো. সাইদুর রহমান খান বাবুল, উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজাহারুল ইসলাম সিকদার আজাহার প্রমুখ।
নবাগত ইউএনওর মতবিনিময় সভা
মান্দা (নওগাঁ) সংবাদদাতা মান্দায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনের সঙ্গে বৃহস্পতিবার মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল হালিম। ইউএনওর সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম হাবিবুল হাসান প্রমুখ।
মতবিনিময় ও অবহিতকরণ সভা
সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা সৈয়দপুর ১৫০ মেগাওয়াট সিম্পল সাইকেল বিদ্যুত্ কেন্দ্র প্রকল্পের পরিবেশ ও আর্থ-সামাজিক অবস্থান নিরূপণ বিষয়ে মতবিনিময় ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ব্যবস্থাপনায় সভার আয়োজন করে সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস)। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার এতে সভাপতিত্ব করে।
শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু এগুলো বিতরণ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রীন বেল্ট কর্মসূচির আওতায় উপজেলায় ১ লাখ গাছের চারা বিতরণের অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বরে প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির এই গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মো. ইকবাল হোসেন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সেতু কুমার বড়ুয়া, অতিরিক্ত ভূমি অধিগ্রহণ কর্মকর্তা হাবিবুল্লাহ বাহার প্রমুখ।
দরিদ্রদের মধ্যে খাদ্য ঋণ বিতরণ
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা তালার জাতপুর উত্তরণ সেন্টারে উত্তরণ-ফুড ব্যাংকের পক্ষ থেকে দরিদ্র সদস্যদের খাদ্য ঋণ বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে খাদ্য ঋণ বিতরণের সময় উত্তরণের প্রকল্প সমন্বয়কারী মো. কাইউম আজাদ, সহকারী প্রকল্প সমন্বয়কারী মো. ওবায়দুল হক পলাশ, অডিটর আলী ইশতিয়াক হাসান তালুকদার, সহকারী অডিটর আশরাফুজ্জামান পিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পাইকগাছায় বৃহস্পতিবার আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকাইনার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মাদ আলী, ভাইস চেয়ারম্যান শিয়াব উদ্দীন ফিরোজ প্রমুখ। বক্তব্য রাখেন পাইকগাছা পূজা উদ্যাপন পরিষদ কমিটির সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস ও ওসি ইমদাদুল শেখ।
ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কিশোরগঞ্জ প্রতিনিধি কিশোরগঞ্জে বুধবার বিকেলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আবু ইউসুফ সারোয়ার ওরফে সুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, তার কাছ থেকে ৪৯৫ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
তথ্যসেবা প্রদান বিষয়ক সভা
নেত্রকোনা প্রতিনিধি নারী ও শিশুর প্রতি নির্যাতন এবং সহিংসতা দূরীকরণের সুযোগ তৈরি করা ও ‘মোবাইল খোঁজ বার্তা’ (তথ্যসেবা) বিষয়ক মতবিনিময় সভা নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়ন অফিসে অনুষ্ঠিত হয়। বুধবার সিংহের বাংলা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মহিলা বিষয়ক উপপরিচালক ফেরদৌসী বেগম। বিষয়বস্তু ভিডিওচিত্রের মাধ্যমে উপস্থাপন করেন বিএনপিএসের বারহাট্টা উপজেলার প্রকল্প সমন্বয়কারী সঞ্চিতা মল্লিক। আলোচনা করেন অক্সফাম বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার রিফাত তানজিলা, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দুপাল প্রমুখ।
ঘোড়াঘাটে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা দিনাজপুরে ঘোড়াঘাট থানা পুলিশের আয়োজনে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মাহফুজ্জামান আশরাফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাকিমপুর সার্কেলের চলতি দায়িত্বে বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন কুমার সরকার, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা, উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদা খানম, পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত আতোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক সদের আলী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোছা. তহমিনা বেগম, সিংড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল, বুলাকিপুর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান লাভলু, পালশা ইউপি চেয়ারম্যান কবিরুল ইসলাম, ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, বুলাকিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক বদরুল আলম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওসি তদন্ত ফেরদৌস আলী।
জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ
ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা দিনাজপুরের ফুলবাড়ীতে বাংলাদেশ ব্যাংক রংপুরের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার জাল নোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী শাখা সোনালী ব্যাংক লিমিটেডের সার্বিক ব্যবস্থাপনায় সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত ওয়ার্কশপে সভাপতিত্ব করেন দিনাজপুর সোনালী ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রশিদুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রংপুরের উপ-ব্যবস্থাপক আমিনুর রহমান।
